ঈদের শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজ এলাকায় সাধারণ লোকজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ উপলক্ষে আয়োজন করেছেন ভোজ সভার। শুভেচ্ছা বিনিময়ের সময় আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়াও চেয়েছেন তাঁরা।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, গত শনিবার ঈদুল আজহার দিন রাতে ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাসভবনে নৈশ ভোজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম এবং মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী। ঈদের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে দল ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

ফেনী-১ আসনের সাংসদ শিরিন আক্তারও নিজ এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। গত রোববার তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভায় নিজ বাড়িতে মধ্যাহ্নভোজ ও উঠান বৈঠকের আয়োজন করেন। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার সাধারণ জনগণ অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী তাঁর গ্রাম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুরের মানুষজনের সঙ্গে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করেন।

গত শনিবার ঈদের দিন ও রোববার পরের দিন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম সোনাগাজী পৌর শহরে তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অভিনেত্রী রোকেয়া প্রাচী তাঁর নিজ গ্রাম সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়ার মানুষজনের সঙ্গে গত রোববার ও সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দাগনভূঞায়ও লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ তাঁর সোনাপুরের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ফেনীর তিনটি আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন কারা পাবেন এবারের ঈদে এমন আলোচনা ফিরেছে দলের নেতা-কর্মীদের মুখে মুখে। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় অনেক নেতাই সম্ভাব্য প্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন জনগণের কাছে।

এ ব্যাপারে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বলেন, ‘অনেকে ঈদ উপলক্ষে এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় নিজেকে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন। তাঁরা সাধারণ মানুষের কাছে দোয়াও চাইছেন। তবে এ নিয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনা হয়নি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে আমরা তাঁরই প্রচার চালাব।’