ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সাংসদ মো. আবদুছ ছাত্তারকে সংবর্ধনা দেওয়ার বিরোধিতা করে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা সদরে গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ এ কর্মসূচিতে অংশ নেয়।
কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আবদুছ ছাত্তার কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে পুনরায় মনোনীত হওয়ায় ঈশ্বরগঞ্জবাসীর ব্যানারে সংবর্ধনার আয়োজন করেছে পৌর আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার শহরের চরনিখলা উচ্চবিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। আমন্ত্রণপত্র বিতরণের কাজ শেষ করা হয়েছে। বর্তমানে মাইকিং করা হচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছাড়াও কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা।
সংবর্ধনা সভার বিরোধিতা করে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা যায়, মিছিলের নেতৃত্বে ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক আবুল মনসুর, সহসাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, বজলুর রহমান প্রমুখ। মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হন তাঁরা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘ওই সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে দলের অধিকাংশ নেতা অবগত নন। এ কারণে সমর্থকেরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।’
আবদুছ ছাত্তার মুঠোফোনে বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে যাঁরা আওয়ামী লীগের মনোনীত তথা নৌকার প্রার্থীদের বিরোধিতা করেছেন, তাঁরাই এখন দলের বিরোধিতায় লিপ্ত হয়েছেন।’
এ দিকে সন্ধ্যা ছয়টার দিকে আবদুছ ছাত্তারের পক্ষের নেতা-কর্মীরা শহরের মুক্তিযোদ্ধা মোড়ে পথসভার আয়োজন করেন। ওই সভায় তাঁরা মঙ্গলবারের সংবর্ধনা অনুষ্ঠান যেকোনো মূল্যে আয়োজনের ঘোষণা দেন।