ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের কার্যক্রম স্থগিত
দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে পাবনা জেলা যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরদীর ওই দুটি কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিটি তাঁর ফেসবুক পেজে এবং পাবনার স্থানীয় সংবাদপত্রে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের একটি হোটেলে পাবনার যুবলীগের সব কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক ডাকা হয়। কিন্তু ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের কমিটির নেতারা সংগঠনের নির্দেশ উপেক্ষা করে বৈঠকে যোগ দেননি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষার কারণে ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য পাবনা জেলা যুবলীগকে নির্দেশ দেন। শরীফ উদ্দিন বলেন, নির্দেশনা অনুযায়ী ঈশ্বরদীর ওই দুটি কমিটির সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে ওই দুটি কমিটিকে চিঠি দিয়ে জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছিল। ওই সম্মেলনে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফকে উপজেলা যুবলীগের সভাপতি, রাজীব সরকারকে সাধারণ সম্পাদক, আলাউদ্দিন বিপ্লবকে পৌর যুবলীগের সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম বলেন, যাঁরা নির্দেশ উপেক্ষা করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার জন্য ওই আদেশ দেওয়া হয়েছে।
শিরহান শরীফ বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝির কারণে এটা হয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার তাঁরা যুবলীগের নেতাদের সঙ্গে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতে ছিলেন। এই সুযোগে কেউ বিষয়টি নিয়ে ‘উসকানি’ দিয়েছে। দু-এক দিনের মধ্যে হয়তো বিষয়টি ঠিক হয়ে যাবে।’