ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব প্রস্তুতি সম্পন্ন করার পরও পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে পাবনা জেলা কমিটি এই সম্মেলন স্থগিত ঘোষণা করে।

গতকাল শনিবার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে তিনবার এ সম্মেলন স্থগিত করা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন চূড়ান্ত করার জন্য ঈশ্বরদীতে কয়েক দিন ধরে ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছিল পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে। কিন্তু গভীর রাতে সম্মেলনের জন্য মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ করতে এসে দলীয় নেতা-কর্মীরা পাবনা থেকে জানতে পারেন সম্মেলন স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবদুল বাছেদ গালিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্মেলন স্থগিতের কথা স্বীকার করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতিসহ তাঁরা তিনজন ঈশ্বরদীতে এসেছিলেন ‘জঙ্গি, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতাবিরোধী শোভাযাত্রা ও কর্মশালায়’ অংশ নিতে। পাবনা জেলা কমিটির দায়িত্ব সম্মেলন করার। তারা বুঝে সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মণ্ডল বলেন, ‘শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন মুঠোফোনে আমাদের সম্মেলন স্থগিত করার নির্দেশ দেন। আমাদের প্রস্তুতি ছিল। তিনি আমাদের জানিয়েছেন, পরবর্তী সময়ে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।’