ঈশ্বরদী পৌর বিএনপির 'গোপন' কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ কমিটিকে ‘পকেট ও কোটারি কমিটি’ উল্লেখ করে তা বাতিল করার দাবি জানিয়েছেন পৌর বিএনপির একাংশ।
অগণতান্ত্রিকভাবে গোপনে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগে পৌর বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল ওমর সুমার খান দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় পাবনা জেলা কমিটির কাছে পাঠানো পত্রে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
যোগাযোগ করা হলে সুমার খান প্রথম আলোকে বলেন, পকেট কমিটি গঠনের প্রতিবাদে পৌর বিএনপির অসংখ্য নেতা-কর্মী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অনেকে পদত্যাগপত্র তৈরি করেছেন।
পৌর বিএনপির সাত-আটজন নেতা বলেন, বর্তমান পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস অগণতান্ত্রিকভাবে কোনো ঘোষণা ছাড়াই নতুন কমিটি গঠন করেছেন। গত মঙ্গলবার তা অনুমোদনের জন্য পাঠান পাবনা জেলা কমিটির কাছে। গত বৃহস্পতিবার পাবনা জেলা কমিটির ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানানো হয়েছে। তখন উপস্থিত ছিলেন পৌর কমিটির সাবেক সভাপতি মকলেছুর রহমান, বর্তমান পৌর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম আক্তারুজ্জামান, জাহিদুর রহমান বিশ্বাস, সুমার খান, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান, আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন প্রমুখ।
পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কে এ এম আক্তারুজ্জামান বলেন, ‘ঈশ্বরদীতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হলে আমরা সেটা মানব না।’ সহসভাপতি সুমার খান বলেন, ‘একটি কমিটি করা হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু আমাকে জানানো হয়নি। এ বিষয়ে জেলা কমিটির কাছে এর প্রতিবাদ জানিয়ে এসেছি।’
ঈশ্বরদী পৌর বিএনপির নতুন কমিটির সভাপতি আকবর আলী বিশ্বাস বলেন, গোপনে নয়, সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি সেটি অনুমোদনও দিয়েছে। তিনি বলেন, নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তিনি নিজেই। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুও রয়েছেন একই পদে। সহসভাপতি হিসেবে গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, ১ নম্বর সদস্য করা হয়েছে সাবেক সভাপতি মকলেছুর রহমানকে। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি কে এ এম আক্তারুজ্জামান ও সুমার খানকে কমিটির উপদেষ্টা করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ঈশ্বরদীর নতুন পৌর কমিটি নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। ফলে কিছু পদে পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা পরে জানানো হবে।