ঈশ্বরদী বিএনপির ১০১ সদস্যের কমিটি ঘোষণা
সম্মেলন বানচাল হওয়ার ৩ মাস ২৩ দিন পর ঈশ্বরদী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে পুনরায় শামসুদ্দিন মালিথাকে সভাপতি ও আলাউদ্দিন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নামের তালিকাটি গত শুক্রবার প্রকাশ করা হয়।
দলের নেতা-কর্মীরা বলেন, গত বছর ১৫ সেপ্টেম্বর ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু কমিটি গঠন নিয়ে সে সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে ওই দিন সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে সম্মেলন বন্ধ হয়ে যায়। তবে ওই দিন সন্ধ্যায় দাশুড়িয়ায় বিএনপির নেতা শামসুদ্দিন আহমেদ মালিথার বাড়িতে আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে জেলা কমিটির সভাপতি কে এস মাহমুদ উপজেলা বিএনপির নতুন কমিটির পাঁচ নেতার নাম ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কমিটি গঠন না করা ও দলের একটি অংশকে বাদ রাখায় কেন্দ্রীয় বিএনপি অসন্তোষ প্রকাশ করে।
বর্তমান কমিটিতে ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান সহসভাপতি ও সাহাপুর ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁরা দীর্ঘদিন কমিটির বাইরে ছিলেন। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবদুল মান্নানকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদারকে কমিটির সদস্য করা হয়েছে।
উপজেলা কমিটির সভাপতি শামসুদ্দিন মালিথা বলেন, নতুন কমিটিতে সমন্বয় করে দলের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাখা হয়েছে। তিন মাস আগে কমিটি গঠিত হয়।
পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি নতুন কমিটি গঠনের সুপারিশ করেছেন ও সভাপতি হিসেবে কে এস মাহমুদ এটা অনুমোদন করেছেন। তবে গত শুক্রবার নতুন সেই তালিকা ঈশ্বরদীতে কমিটির সভাপতির কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে ১০ সদস্যের এক উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।