ঈশ্বরদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
পাবনার ঈশ্বরদীতে আজ রোববার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাদশা মালিথাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী শহরের স্টেশন রোডে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। একই দিন একই সময়ে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের পোস্ট অফিস মোড়ে জঙ্গিবাদবিরোধী আরেকটি সমাবেশ, র্যালি ও পথসভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের নেতা–কর্মীরা র্যালি ও পথসভা শেষ করে ফেরার সময় স্টেশন রোডে গেলে উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আকাল সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। মামলায় ৩০ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান এবং সহসভাপতি রশিদুল্লার নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান ফটকের কাছে গেলে রাস্তার অপর প্রান্তে অবস্থানরত পৌর কমিটি সমর্থিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আবারও সংঘর্ষ বাধে ও গোলাগুলি হয়। পুলিশ এ সময় লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহরের বিভিন্ন মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, জঙ্গিবাদবিরোধী শান্তিপূর্ণ মিছিলে পৌর আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা ও গুলি চালিয়েছেন।
জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নেতারাই বরং তাঁদের ওপর হামলা করে এখন আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।’
জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের কথা শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।