ঈশ্বরদীতে এক যুগ পর বিএনপির একক কর্মসূচি
পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা গতকাল শনিবার একসঙ্গে স্বাধীনতা দিবস উদ্যাপন করেছেন। পৌর বিএনপির দুই নেতার বিরোধের জেরে প্রায় এক যুগ দুই পক্ষের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করে আসছিলেন।
সকালে শহরের রেলওয়ে গেটে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি কে এম আক্তারুজ্জামান, সহসভাপতি সুমার খান, যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা নিয়ে শহরের আলহাজ মোড় সড়কদ্বীপে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে পৌর বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান বলেন, ‘মকলেছুর রহমান ও জাকারিয়া পিন্টু ভাই ভাই, এখন থেকে বিএনপিতে আর দ্বন্দ্ব নাই।’