ঈশ্বরদীতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মাছ লুটের মামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। ঈশ্বরদী পৌর পরিষদ ও যুবলীগ পৃথকভাবে ওই কর্মসূচি পালন করে। এর আগে গত রোববার মেয়র আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৮ জনের বিরুদ্ধে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন ওই মামলা করেন।
এদিকে মেয়র আবুল কালাম আজাদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া শরীফ তাঁর স্বামীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল রাতে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
গতকাল বেলা ১১টার দিকে পৌরসভার প্যানেল মেয়র সাঈদ হাসানের নেতৃত্বে পৌরসভা কার্যালয় থেকে একটি মিছিল পোস্ট অফিস মোড়ে এসে জড়ো হয়। সেখানে আগে থেকে পৌর যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। পৌর পরিষদ এ সময় সেখানে মানববন্ধন কর্মসূচি শুরু করতে গেলে যুবলীগের নেতা-কর্মীরা বাধা দেন এবং ব্যানার নিয়ে চলে যেতে বলেন। এ সময় যুবলীগের নেতা-কর্মীরা মেয়রের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
যুবলীগের হুমকিতে পোস্ট অফিস মোড় থেকে ফিরে গিয়ে পৌরসভার প্রধান ফটকের সামনে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও পথসভা করেন। এতে বক্তব্য দেন কাউন্সিলর সাঈদ হাসান। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মেয়রকে মাছ লুটের ঘটনায় আসামি করা হয়েছে। মামলার কারণে মেয়র কার্যালয়ে আসতে না পারায় পৌরসভার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। তিনি অবিলম্বে ওই ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে গতকাল দুপুর ১২টার দিকে পোস্ট অফিস মোড়ে আলাউদ্দিনের নেতৃত্বাধীন যুবলীগের পক্ষ থেকে মেয়রকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও পথসভা করা হয়। পথসভায় বক্তব্য দেন যুবলীগের নেতা রুহুল কুদ্দুস, ছাত্রলীগের নেতা মাসুদ মণ্ডল, মোহাম্মদ রনি প্রমুখ।
জানতে চাইলে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী প্রথম আলোকে বলেন, যুবলীগ ও পৌর পরিষদ নিজস্ব ব্যানারে কর্মসূচি পালন করেছে। এখানে আওয়ামী লীগের বলার কিছু নেই। তবে সবকিছু দেখে মনে হচ্ছে, ঈশ্বরদীর রাজনীতিতে দুর্যোগ চলছে। এভাবে চলতে পারে না।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, আলাউদ্দিন বিপ্লবের দায়ের করা এজাহার তদন্তের পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গত রোববার রাতে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেন। তবে এখনো মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এদিকে মেয়র আবুল কালাম আজাদের স্ত্রী মাহজেবীন শিরিন স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবিতে গতকাল রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। বাদীর বিরুদ্ধে মামলা থাকার পরও তিনি কীভাবে থানায় এসে মেয়রের বিরুদ্ধে মামলা করেন? পুলিশ তাঁকে গ্রেপ্তার না করে মামলাটি গ্রহণও করেছে।
তবে ওসি আবদুল হাই তালুকদার গতকাল রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আলাউদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আর মেয়রের বিরুদ্ধে করা ওই মামলা আমরা বিধি মোতাবেক নিয়েছি।’