ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও কুপ্রস্তাব দেওয়ায় পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে গ্রেপ্তার ও তাঁর শাস্তির দাবিতে গতকাল সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, কয়েক দিন আগে বিদ্যালয়ে কোচিং করার সময় প্রধান শিক্ষক মোজাম্মেল পরীক্ষার সময় বেশি নম্বর দেওয়া হবে এমন লোভ দেখিয়ে অষ্টম ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে তাঁর কক্ষে নিয়ে যান। পরে তিনি তাদের সঙ্গে অনৈতিক আচরণ করেন ও কুপ্রস্তাব দেন।
ওই দুই ছাত্রী জানায়, ঘটনাটি গত রোববার সহকারী প্রধান শিক্ষক জোমসেদ আলীকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর আগেও বেশ কয়েকবার প্রধান শিক্ষক তাদের সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে এই ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ক্লাস বর্জন করে শ্রেণিকক্ষের চেয়ার-বেঞ্চ ও টেবিল ভাঙচুর করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা বিদ্যালয়ের পাশের রাস্তায় এসে বিদ্যুতের খাম্বা, গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক ৪৫ মিনিট অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়। পরে গতকাল বিকেলে ওই দুই ছাত্রী প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেয়। এই অভিযোগের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌসের নির্দেশে গতকাল একটি তদন্ত দল গঠন করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত দল গঠন করা হয়। তাঁদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঈশ্বরদীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা তাঁকে এ বিষয়ে বিস্তারিত জানান। আজ মঙ্গলবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি শিক্ষকদের বলেছেন।
তবে মোজাম্মেল হক জানান, ঘটনাটি সত্য নয়। কিছু লোক ব্যবস্থাপনা কমিটিতে আসতে না পেরে তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের লাগিয়ে দিয়েছেন।