ঈশ্বরদীতে ১৪৪ ধারা জারি বিএনপির সম্মেলন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর ফলে সম্মেলন বাতিল হয়ে যায়। সম্মেলন না হলেও এক পক্ষকে বাদ রেখে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয় মাঠে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, সম্মেলনকে কেন্দ্র করে উপজেলায় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গতকাল দুপুর থেকে দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের এক পক্ষে আছেন সাবেক সাংসদ ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার। অপর পক্ষে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান। সিরাজুল ইসলামের সমর্থনে ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা গতকাল বিএনপির সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে দলের পদবঞ্চিত নেতা-কর্মীদের বাদ রেখে কমিটি গঠন করা হবে বলে খবর ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদ জানাতে পদবঞ্চিত নেতা-কর্মীরা দাশুড়িয়ায় অবস্থান নেন। এঁরা হাবিবুর রহমানের সমর্থক হিসেবে পরিচিত।
মুঠোফোনে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান বলেন, পদবঞ্চিত ও তৃণমূলের নেতা-কর্মীদের বাদ রেখে সম্মেলন ডাকায় ক্ষুব্ধ হয়ে হয়তো কেউ প্রতিবাদ জানাতে এসেছিলেন। যাঁরা বিএনপির আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলেছেন, সুযোগ-সুবিধা নিয়েছেন তাঁদের নেতা হিসেবে সিরাজ সরদার এই ষড়যন্ত্র করেছেন।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সিরাজুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে গতকাল বিকেলে শামসুদ্দিন মালিথার বাড়িতে উপজেলা বিএনপির চারটি পদের নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে শামসুদ্দিন মালিথার নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি জিয়াউদ্দিন, যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম ও তপন সরদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবদুল মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ এ ঘোষণা দেন। এরপর সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১৪৪ ধারা জারির নিন্দা জানিয়ে বলা হয়, হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা ষড়যন্ত্র করে সম্মেলন বাতিল করেছেন।