সংবাদ প্রকাশকারীদের কাছে নোটিশ পাঠান: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, উকিল নোটিশ পাঠিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায় ও লজ্জা ঢাকতে পারেন না। তিনি বলেন, উকিল নোটিশ পাঠালে যেসব বিদেশি সংবাদমাধ্যম অবৈধ সম্পদের খবর প্রকাশ করেছে—তাদের কাছে পাঠান।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ এ কথা বলেন। খালেদা জিয়ার বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সাবেক এই মন্ত্রী উকিল নোটিশ পাঠানো আইনজীবী ও টেলিভিশনে খালেদা জিয়ার দুর্নীতির সাফাই দেওয়া সুশীলদের ‘দুর্নীতির পাহারাদার’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিদেশে অর্থপাচার ও বিনিয়োগের ঘটনা এখন বিশ্ব গণমাধ্যমগুলোর কল্যাণে জনগণের সামনে উন্মুক্ত। প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠালেই জনগণের সামনে ফাঁস হয়ে যাওয়া এই দুর্নীতির লজ্জা ঢাকা যাবে না।

হাছান মাহমুদ বিএনপিকে ওই সংবাদ প্রকাশকারী বিদেশি সংবাদমাধ্যমগুলোতে উকিল নোটিশ পাঠানোর পরামর্শ দেন। তিনি বলেন, বিএনপি যেহেতু এই কাজ না করে সরকারপ্রধানকে উকিল নোটিশ পাঠিয়েছে তার মানে, বোঝাই যাচ্ছে, সংবাদমাধ্যমগুলোর প্রচারিত সংবাদ সত্য। শুধু ক্ষমতায় আসার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এই উকিল নোটিশ নাটক সাজিয়েছেন।