উগ্র গোষ্ঠী নিয়ে সরকারের ভূমিকা রহস্যঘেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগ্র গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে সরকারের ভূমিকা এখন রহস্যঘেরা বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, জঙ্গি দমনের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ওপর দুঃসহ নিপীড়নের খড়্গ নেমে এসেছে।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে গতকাল শনিবার বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখন বন্দী, ভয়াবহ দুঃশাসন চলছে। মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যাকে গা-সওয়া করানো হচ্ছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।