উত্তরবঙ্গ যার ঢাকার মসনদ তার: এইচ এম এরশাদ
রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ভারতের উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তার। আর আমি বলি, উত্তরবঙ্গ যার, ঢাকার মসনদ তার।’
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘রংপুর বিভাগের ৩২টি আসনেই আমাদের বিজয়ী হতে হবে। এ জন্য আমরা একটি মহাজোট গঠনের প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যে ৩৫টি দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ছয়টি নিবন্ধিত দল রয়েছে। অনেকগুলো ইসলামি দলও রয়েছে।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ হতাশা প্রকাশ করে বলেন, ‘৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সমর্থন নিয়ে ২১ বছর পর ক্ষমতার মসনদে বসল আওয়ামী লীগ। কিন্তু কী পেলাম। আমার দলকে ভাগ করা হলো। আমার এমপিদের কিনে নেওয়া হলো। আমার ওপর অত্যাচার করা হলো। কিছুই পেলাম না।’
সম্মেলনে জাপা চেয়ারম্যান এরশাদ মহানগর জাতীয় পার্টির নতুন কমিটির সভাপতি হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম ইয়াসিরের নাম ঘোষণা করেন। এ সময় এরশাদ রংপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাংসদ শাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা প্রমুখ।