উত্তরবঙ্গের তিন জেলায় আ.লীগের কর্মিসভা কাল থেকে
উত্তরবঙ্গের তিন জেলায় আওয়ামী লীগের প্রতিনিধি ও কর্মিসভা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। শুরু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি ও কর্মিসভা দিয়ে। বিকেলে এই জেলাতে জনসভাও হবে। বুধবার রাজশাহী ও বৃহস্পতিবার পাবনায় প্রতিনিধি ও কর্মিসভা হবে। দলীয় সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, তৃণমূলের দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে নেতা–কর্মীদের নির্বাচনমুখী করার লক্ষ্যেই সারা দেশে প্রতিনিধি ও কর্মিসভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন। আর জেলা কর্মসূচিগুলো কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকেরা সম্পন্ন করছেন। রাজশাহী বিভাগের তিন জেলার এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
জানতে চাইলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এর আগে বগুড়া ও নওগাঁয় জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হয়েছে। নির্বাচন সামনে রেখে পুরো বিভাগজুড়ে আওয়ামী লীগকে আরও গতিশীল এবং নির্বাচনমুখী করতে জেলা ও উপজেলা পর্যায়েও নিয়মিত সভা করা হবে। এভাবে সারা দেশেই কর্মসূচি থাকবে।