
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার আজ মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে। কাল বাদে পরশু বৃহস্পতিবার নির্বাচন। নগরবাসীর অনেকে বলছেন, এবারের নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয় আছে। এর মধ্যে কুমিল্লা উত্তরের চেয়ে বেশি শঙ্কা দক্ষিণের ভোটকেন্দ্রগুলো নিয়ে।
কুমিল্লা উত্তর ও দক্ষিণ মিলিয়ে সিটি করপোরেশনের ওয়ার্ডের সংখ্যা ২৭। ভোটকেন্দ্র ১০৩টি। এর মধ্যে গতকাল সোমবার নগরের বাদুড়তলা এলাকায় সংবাদ সম্মেলন করে বিএনপি ৪৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে। ওই কেন্দ্রগুলোতে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলেছে দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগও ৩৭টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করে কমিশনকে জানিয়েছে।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কাজী জাফর উল্যাহ গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দেওয়া হয়েছে। আনুমানিক ৩৭টা হবে।
যদিও রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল দাবি করেন, ‘আওয়ামী লীগ কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দেয়নি। আমরা ১০৩টি কেন্দ্রকেই “গুরুত্বপূর্ণ” মনে করছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ৪৩টি কেন্দ্রের ব্যাপারে নির্বাচন কমিশনকে কিছু তথ্য দিয়েছি। সেখানে নানা অপচেষ্টা চলছে। কমিশন কথা দিয়েছে, উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা দেখতে চাই, তারা কথা রেখেছে।’
কথা বলে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ এলাকার ভোটকেন্দ্রগুলো নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুশ্চিন্তা বেশি। কুমিল্লা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড থেকে ২৭ নম্বর পর্যন্ত নয়টি ওয়ার্ডে ৩১টি ভোটকেন্দ্র আছে। অতীতে স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচনে এই এলাকার কিছু ভোটকেন্দ্রে কারচুপির ঘটনা ঘটেছে। এই নয়টি ওয়ার্ড কুমিল্লা-১০ সংসদীয় আসনে পড়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই আসনের সাংসদ।
গতকাল দক্ষিণের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, নির্বাচন নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক আছে। একাধিক ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় পরিস্থিতি আরও নাজুক পর্যায়ে গেছে। এরই মধ্যে প্রতিপক্ষের সমর্থক ভোটারদের বাড়িঘরে গিয়ে নির্বাচনের দিন কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এমন ৪০টির মতো অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আ হ ম মুস্তফা কামালের অনুসারী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান অবশ্য কুমিল্লা দক্ষিণে নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, পরিকল্পনামন্ত্রীর নির্দেশে নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগ একক প্রার্থী দিয়েছে। তাই এখানে কারচুপি বা বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই।
কুমিল্লা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফজল খান বলেন, ‘ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী (আওয়ামী লীগের প্রার্থী ইদ্রিছ মিয়া) ও তাঁর ভাই বাড়ি বাড়ি গিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন, যাতে তাঁরা ভোটকেন্দ্রে না যান।’
অভিযোগ সম্পর্কে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে ইদ্রিছ মিয়া কথা বলতে রাজি হননি। তিনি ব্যস্ত বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল সন্ধ্যা থেকে সিটি করপোরেশন এলাকায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জানতে চাইলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এবং নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য পুলিশ প্রস্তুত আছে। পুলিশের পাশাপাশি র্যা ব, বিজিবির সদস্যরাও মাঠে থাকবেন।
জানা গেছে, কয়েক দিন ধরে নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে কিছু অপরিচিত লোক স্থানীয় বাসিন্দাদের কাছে বিএনপির কর্মী-সমর্থকদের নাম ধরে খোঁজাখুঁজি করছেন। এ অবস্থায় আতঙ্কে অনেকে বাড়ি থাকছেন না। বিষয়টি গতকাল সংবাদ সম্মেলনে তুলেছে বিএনপি।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা অবাক হয়েছি, উর্দিপরা ও সাদাপোশাকের লোকজন বিভিন্ন এলাকায় গিয়ে মোবাইল ফোন থেকে কিছু নাম জিজ্ঞাসা করেন। এসব লোক হয় আমাদের দলের, না হয় ২০ দলের। এটা ভয় দেখানো। আমরা এটা বন্ধ করার দাবি জানাই।’
এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ‘আমার নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাঁরা বাড়িঘরে ঘুমাতে পারছেন না। এ অবস্থায় নির্বাচন নিয়ে আতঙ্কে আছি।’ তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বিএনপির অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।