উত্তর-দক্ষিণ সীমানা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এলাকা হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট। অথচ এ এলাকাগুলো ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখায় পড়েছে। মহানগর ছাত্রলীগ উত্তর ও দক্ষিণের অনেক নেতা মনে করেন, সিটি করপোরেশনের সীমানা অনুযায়ী মহানগর ছাত্রলীগ ভাগ হলে কাজের সুবিধা হতো। সীমানা নিয়ে এমন প্রশ্ন রেখেই আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন।
মহানগর দক্ষিণ ছাত্রলীগের তিন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের সীমানা অনুযায়ী ছাত্রলীগের কমিটি না করায় দক্ষিণের কমিটি বঞ্চিত হচ্ছে। নিজেদের অনেক এলাকা উত্তরের কমিটিতে রয়েছে। এর পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, মহানগর ছাত্রলীগ উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক আজিজুল হক ওরফে রানা ছিলেন ঢাকা কলেজের ছাত্র। আজিজুলের বাসাও ধানমন্ডি এলাকায়। অথচ তিনি উত্তরের গুরুত্বপূর্ণ পদে।
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন যেভাবে ভাগ হয়েছে, মহানগর ছাত্রলীগও সেভাবে ভাগ হওয়া উচিত। তাহলে কাজ করতে সুবিধা হবে।’
সীমানা নির্ধারণ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, সীমানা পরিবর্তন করতে গেলে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে। এটা বর্তমান কমিটি করতে পারবে না। এটার দায়িত্ব ভবিষ্যৎ নেতৃত্বের।
কেন্দ্রীয় কমিটির বয়সসীমা নিয়ে মতভেদ: আগামী ২৫ ও ২৬ জুলাই হবে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন। কেন্দ্রীয় কমিটির নেতাদের সর্বোচ্চ বয়স কত হওয়া উচিত এবং কবে থেকে গণনা করা হবে, তা নিয়ে সংগঠনটির নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে। কারও মতে, গঠনতন্ত্রে থাকা ২৭ বছর কিংবা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ঘোষিত ২৯ বছরই হওয়া উচিত। কেউ বলছেন, ছাত্রলীগের পদপ্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর হওয়া উচিত।
জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতা নির্বাচন হচ্ছে ২৯ বছর বয়সসীমা মেনে। ঢাকা উত্তর মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ২৯ বছরের বয়সসীমা নির্ধারণ করে ফরম বিক্রি হয়েছে। অনেকে মনে করেন, জেলা ও উপজেলা নেতারা কেন্দ্রের চেয়ে বয়সে বড় হলে সেখানে কেন্দ্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন হয়। তাই তৃণমূলের চেয়ে অপেক্ষাকৃত কিছুটা জ্যেষ্ঠ ও সাংগঠনিকভাবে দক্ষদের কেন্দ্রীয় নেতা করা উচিত। এ কারণে অনেকেই কেন্দ্রীয় কমিটির নেতাদের বয়স ৩২ বছর করার দাবি তুলেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আলী আশরাফ বলেন, ‘একটি স্বার্থান্বেষী পক্ষ অযোগ্য নেতৃত্ব আনার জন্য এ রকম বয়সের ফ্রেম করেছে। যাঁর যোগ্যতা আছে, নেতৃত্বের গুণাবলি আছে, সে ছাত্রলীগকে নেতৃত্ব দেবে। এখানে বয়স কিসের?’ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, আগের দুবারের মতো এবারও সম্মেলনের দিন থেকেই বয়স গণনা করা হবে। এখন পর্যন্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা গঠনতন্ত্র অনুযায়ী ২৭ বছরই আছে। তবে বয়স বাড়তে পারে।
প্রসঙ্গত, ৮ মে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের কাউন্সিল আগামী ২৫ ও ২৬ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জুন এবং দক্ষিণের আগামী শনিবার।