উত্তাপ দিয়ে শুরু শঙ্কায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকার, জাতীয় সংসদ ও বিরোধী দল—সবকিছুই আছে। সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। তারপরও শোনা যায়, দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র আছে কি নেই, সেই বিতর্কে কেটে গেল ২০১৫।
পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে মারার নিষ্ঠুর ঘটনাগুলো দিয়ে যে বছর শুরু হয়েছিল, তা শেষ হতে যাচ্ছে জঙ্গি-আতঙ্কের মধ্য দিয়ে। মাঝের কয়েক মাস একধরনের স্থিতিশীলতা ছিল।
সরকার পতনের ঘোষণা দিয়ে বছরের প্রথমে সহিংস আন্দোলন শুরু করেছিল বিএনপি। সেই দলই এখন ওই সরকারের অধীনে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথা বলে আসা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০ ডিসেম্বর বলেছেন, ‘আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ঘায়েল করতে হবে।’ তাঁর এই বক্তব্যের সমালোচনা করে সরকারের নেতারা প্রশ্ন তুলেছেন, তাহলে এত দিন আন্দোলনের নামে সহিংসতা ও প্রাণহানির দায় তাঁকে নিতে হবে।
জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এত দিন পর ওনার এই বোধোদয় হলেও তিন মাসে উনি যেসব সহিংস ঘটনায় নেতৃত্ব দিয়েছেন, যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছেন, তার বিচার হওয়া উচিত।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতার মতে, জনগণ ঐক্যবদ্ধ থাকায় বিদায় বছরে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম চার লেন, পাতালরেলসহ বড় বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বছরের শুরুতে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলন বছরের শেষে এসে শুধু থেমেই যায়নি, দেশে এখন নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন বা হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচিও নেই। এটা নিয়ে সরকার একদিকে স্বস্তিতে, অন্যদিকে অস্বস্তি আছে নাশকতা, চাঞ্চল্যকর হত্যা ও জঙ্গি তৎপরতা নিয়ে।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, দেশে এক ভীতিকর অবস্থা বিরাজ করছে। ভিন্নমত, বিরোধী দল ও স্বাধীন চিন্তার কারও জন্য মুক্ত পরিবেশ নেই। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান দলীয়করণ হয়ে গেছে।
মির্জা ফখরুলের মতে, শ্বাসরুদ্ধকর এই অবস্থার মধ্যে উগ্রপন্থীদের কর্মকাণ্ড এবং তা নিয়ে সরকারের স্ববিরোধী বক্তব্যে পরিস্থিতি আরও বেশি নাজুক হয়েছে। বিদায় বছরে সরকার গায়ের জোরে সবকিছু করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরে সরকার আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নেবে বলে তাঁর দল আশা করে।
দুই দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরে বিএনপির নেতৃত্বাধীন জোট বেশ দুর্বল হয়ে গেছে। তারা আর এমন অবস্থায় নেই যে আওয়ামী লীগকে চাপ দিয়ে একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ওই ফেলো মনে করেন, এই পরিস্থিতিতে স্রেফ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যদি মনে করেন, বিএনপির কিছু দাবি মেনে নিলে তাঁর স্বার্থ সংরক্ষিত হবে, তা হলেই কেবল ঐকমত্য হতে পারে।
২০১৫ সালে বিএনপির রাজনীতির মাঠ থেকে একরকম উঠে যাওয়া এবং যুদ্ধাপরাধীর দল হিসেবে কোণঠাসা হয়ে পড়া জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার কথা মন্ত্রীদের মুখেও উচ্চারিত হয়েছে। তবে, সরকারের তরফে কোনো সুস্পষ্ট উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। এ ছাড়া দুই দলের তিন শীর্ষ নেতা—জামায়াতের মুহাম্মদ কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি নিয়ে রাজনীতি সরগরম ছিল।
এ সময়ে বিরোধীদের গ্রেপ্তার, দমনপীড়ন ও হয়রানির বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের নিখোঁজের ঘটনা নিয়ে নাটকীয়তা ও খালেদা জিয়ার লন্ডন সফরকালে তাঁর ফেরা বা না ফেরার বিষয়টি রাজনীতিতে আলোচনার খোরাক জুগিয়েছে।
এর পাশাপাশি গুম, অপহরণ, মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং সুশাসনের ঘাটতি নিয়ে সমালোচনায় পড়েছে সরকার।
বছরজুড়ে সরকারের সমালোচনা: কথায় কথায় সরকারের পতন ঘটানোর কথা বলা বিএনপি-জামায়াত জোট আগের অবস্থান থেকে সরে এসে বছরের শেষে আন্দোলনের বদলে নির্বাচন ও ঐক্যের কথা বলছে। তাদের মূল অভিযোগ ছিল, সরকার বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসন চালু করতে চায়। তবে স্থানীয় নির্বাচনগুলোতে সরকারের অধীনেই অংশ নিচ্ছে বিরোধী জোট। সরকারকে ‘অবৈধ’ বললেও ওই জোট তিনটি সিটি নির্বাচনে অংশ নেয়, ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনেও তারা অংশ নিচ্ছে; যে নির্বাচনের ফল নতুন বছরের রাজনীতির গতি-প্রকৃতির ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে। এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই উপজেলা নির্বাচনে অংশ নেয় বিএনপি-জামায়াত।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ২০১৫ সালে সেই নির্বাচনের বছর পূর্তিতে ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর দুই দিন আগে ৩ জানুয়ারি সরকার খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে কার্যত অবরুদ্ধ করে রাখে। গুলশান কার্যালয়ের সামনে বেরোনোর পথ বন্ধ করে বালুর ট্রাক রাখা হয়। কার্যালয় থেকে বের হতে না পেরে খালেদা জিয়া লাগাতার অবরোধের ডাক দেন। টানা ৯২ দিন সেখানে অবস্থান করেন খালেদা জিয়া এবং ওই সময়ের সহিংসতায় প্রাণ হারায় শতাধিক মানুষ। সেই আন্দোলন থেমে যায়।
বিরোধী দলের আন্দোলন নেই: বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে সরকার বিরোধী দলের কর্মসূচি ঠেকানোর চেষ্টা করে, আর বিরোধী দল সরকারকে চ্যালেঞ্জ করে সেই কর্মসূচি পালন করে। কিন্তু বিদায় বছরে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সরকার তথা পুলিশের কাছে বিরোধী দলের অনুমতি নেওয়ার বিষয়গুলো রাজনীতিতে ওই দলটির দুর্বল অবস্থান তুলে ধরেছে।
গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক অনুষ্ঠানে বিএনপির আন্দোলনের ‘মুরোদ’ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের নেতারা বছরভর বিরোধী দলকে আন্দোলনের কথা বলে তা করতে না পারায় খোঁচানোর চেষ্টা করেছেন।
বিদায় বছরে একটি কর্মসূচিও পালন করতে পারেনি বিরোধী দল বা জোট। বিএনপি বা জামায়াত মাঝেমধ্যে কর্মসূচি দিলেও মাঠে ছিল না। বিরোধীদের কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা যেমন ছিল, তেমনি ছিল বিরোধী দলের পিছিয়ে যাওয়ার প্রবণতা।
তবু মনোযোগ বিএনপিকে ঘিরে: বিএনপি এখন সংসদে নেই, রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় স্তিমিত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারের মন্ত্রী বা সরকারি দলের শীর্ষ নেতারা বিএনপি, খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতাদের ঘায়েল করে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির মারপ্যাঁচে দলটিকে যত বেশি ঘায়েল করা যাবে এবং যত দিন তা সম্ভব হবে, তত দিন সরকারের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকবে না। তবে রাষ্ট্রবিজ্ঞানের মূল কথা হচ্ছে, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন। বিরোধী দল যত দুর্বল হবে, গণতন্ত্রও ততটা অকার্যকর হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দল দরকার। বিরোধীরাই জনগণের চোখে আঙুল দিয়ে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়। এর ফলে জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত হয়।
বর্তমান সরকার, বিরোধী দল ও গণতন্ত্র প্রসঙ্গে দিলারা চৌধুরী বলেন, এখনকার সরকার সংসদের বাইরে থাকা বড় বিরোধী দলকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভেঙে দিতে চাইছে, যা গণতন্ত্রের জন্য চরম দুর্ভাগ্যজনক। আবার সংসদে যে বিরোধী দল আছে, তা সরকারের গৃহপালিত। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী এটা বিরোধী দল নয়।
উন্নয়ন না গণতন্ত্র: বিদায় বছরে দলের শীর্ষ নেতাদের মুখে ঘুরেফিরে ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আদলে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। ওই দুটি দেশে নামে গণতন্ত্র থাকলেও কার্যত একদলীয় শাসন চলেছে। গত ১৬ মে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে বিশ্বাস করি না। সিঙ্গাপুর ও মালয়েশিয়া যে পথে এগিয়ে গেছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশেও সেই পথে গণতন্ত্র চলবে।’ বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু বলেন, ‘গণতন্ত্রই একমাত্র কাঙ্ক্ষিত বিষয়। উন্নয়নের জন্য সরকার ও মানুষকে অবশ্যই গণতন্ত্রকে ধরে রাখতে হবে।’ (১৮ ডিসেম্বর, প্রথম আলো)
কৌশিক বসুর মতে, ‘গণতন্ত্র বা উন্নয়নের মধ্যে একটিকে বেছে নেওয়ার ঝুঁকি অনেক বেশি। সেটি ঠিক হবে না। কারণ, বেশির ভাগ সময় দেখা যায়, গণতন্ত্র ছাড়া শক্ত নিয়ন্ত্রণ পুরো দেশকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মানুষের ডিএনএতে জড়িয়ে আছে গণতন্ত্র। তাই অন্য কিছু দিয়ে গণতন্ত্রকে সীমিত করা যায় না।’
হত্যা ও হামলার শেষ কোথায়: বিদায় বছরে রাজনীতিতে আলোচিত বিষয় ছিল সন্ত্রাসের নিত্যনতুন ধরন, যার শিকড় সম্পর্কে নানা জল্পনা-কল্পনা থাকলেও যোগসূত্র সেভাবে উদ্ঘাটিত হয়নি। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ, বিশেষ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
গত চার মাসে ধর্মীয় ভিন্নমতাবলম্বী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের ওপর ১৯টি হামলা হয়েছে। এর মধ্যে হিন্দুদের মন্দির, খ্রিষ্টান ধর্মযাজক, বাহাই, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় আক্রমণের শিকার হয়েছে। তার আগে পাঁচ ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখককে হত্যা করা হয়। বেশির ভাগ হত্যাকাণ্ডের ঘটনায় আইএস নিজেদের দায় স্বীকার করেছে। তবে সরকার বলছে, দেশে আইএসের অস্তিত্ব নেই।
তবে এসব ঘটনা নিয়ে সরকার ও বিরোধী দল একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেছে সারা বছর। প্রায় প্রতিটি ঘটনার পর সরকারের মন্ত্রী ও নেতারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছে। আর বিএনপি সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার একবার বলে আইএস আছে, একবার বলে আইএস নেই। একদিকে এ ধরনের স্ববিরোধী বক্তব্য, অন্যদিকে উগ্রপন্থীদের চিহ্নিত করতে না পারার ঘটনায় ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। তবে, লন্ডনে অবস্থানকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের দোসর ও পৃষ্ঠপোষক। তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ক্রমবর্ধমান জঙ্গিবাদের হুমকি, হত্যা ও হামলার মধ্য দিয়ে এ বছর শেষ হতে যাচ্ছে। ফলে জনমনে শঙ্কা থেকেই যাচ্ছে।