উদ্বেগ থেকে কাল সংবাদ সম্মেলন নাগরিক সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতায় জনমনে সৃষ্ট উদ্বেগ থেকে আগামীকাল শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবে নাগরিক সমাজ। সেখানে সম্প্রতি নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে দেওয়া চিঠির বিষয়ে আলোচনা করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশিষ্ট নাগরিকদের পক্ষে এক বিজ্ঞপ্তিতে সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার কারণে নাগরিকদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে বিরাজমান রাজনৈতিক সমস্যাও এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করছে। এমনি পরিস্থিতিতে অনেক নাগরিকই চিন্তিত ও উদ্বিগ্ন। বলা হয়, ‘আমরা নিজেরাও উদ্বিগ্ন।’

এই উদ্বেগ থেকে ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের কাছে দেওয়া চিঠি সম্পর্কে আলোকপাত করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে এ টি এম শামসুল হুদা, এম হাফিজউদ্দিন খান, আকবর আলি খান, সিএম শফি সামী, শাহদীন মালিক, সৈয়দ আবুল মকসুদ ও বদিউল আলম মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

৯ ফেব্রুয়ারি সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়ে অনুরোধ জানায় নাগরিক সমাজ। এর আগে ৭ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিদের বক্তব্যের আলোকে ও ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়।