উদ্যানে অনুমতি না পেয়ে পল্টনে সমাবেশ করল ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল লতিফ সিদ্দিকীসহ ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। অন্যথায় সরকারকে গদি থেকে নামানোর আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন দলটির নেতারা।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা এ হুমকি দেন।
সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এর মধ্যে রয়েছে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন করার দাবিতে আগামী ১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান। তার আগে ঢাকা থেকে কুড়িগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অভিমুখে রোডমার্চসহ জেলা ও থানাপর্যায়ে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীর ব্যস্ততম এলাকা পুরানা পল্টন সড়কের ওপর সমাবেশ করে ইসলামী আন্দোলন। পুলিশ তাদের বাধা দেয়নি, তবে সতর্ক পাহারায় ছিল। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমরা ওদের সমাবেশের অনুমতি দিইনি। পল্টনে যা করেছে, তা ওই অর্থে সমাবেশ না। ওরা মসজিদে নামাজ পড়তে এসেছে। এরপর কিছু কাথাবার্তা বলে দোয়া করে চলে গেছে।’
গতকাল বেলা ১১টা থেকেই ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা পুরানা পল্টনের মোড়সহ আশপাশের সড়কের বিভিন্ন অংশে বেষ্টনী তৈরি করে এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থেকে রাস্তা দখল করে নেয়। এর ফলে বিকেল চারটা পর্যন্ত পশ্চিমে কদমফোয়ারা, পূর্বে দৈনিক বাংলার মোড়, উত্তরে বিজয়নগর, দক্ষিণে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জুমার নামাজের পর সিপিবির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ইসলামী আন্দোলনের নেতারা মাইকে বক্তৃতা করেন।
দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সমাবেশ করতে না দেওয়া হলে আমরা আগামী রোববার হরতালের ঘোষণা করেছিলাম। আলহামদুলিল্লাহ, সমাবেশ করতে পারছি বিধায় রোববারের হরতাল প্রত্যাহার করলাম।’