উনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি

সরকারের সমালোচনা করলেও সমালোচনকারীরা কী করতে চায়, জনগণের আন্দোলনে সেটা স্পষ্ট করা এখন সবচেয়ে বড় কর্তব্য। গণতান্ত্রিক সমাজ নির্মাণের স্বপ্ন জনগণের মধ্যে তৈরি করতে। এ জন্য উনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে সেই শিক্ষা নিতে হবে। আজ সোমবার উনসত্তরের গণ-অভ্যুত্থানের ৫৩তম বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘উনসত্তরের গণ-অভ্যুত্থানের শিক্ষা এবং বাংলাদেশে ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াই শীর্ষক’ ভার্চ্যুয়াল আলোচনা সভায় এসব কথা বলা হয়।

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা এখন ভোটাধিকার রক্ষার লড়াই করছি, কিন্তু এর পেছনে আছে একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের প্রকল্প। এটা যেমন আন্দোলনের নেতৃবৃন্দকে বুঝতে হবে। আবার এ স্বপ্নকে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ছয় দফার ভেতরে মানুষ সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। এখন মানুষের মধ্যে সে স্বপ্ন তৈরি হচ্ছে কি না, প্রশ্ন তোলেন। এ ছাড়া উনসত্তরের আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যে দলের নেতৃত্বে দেশে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দল দেশি-বিদেশি শক্তির সহায়তায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। মানুষের মর্যাদা ও সব ধরনের অধিকার কেড়ে নিয়েছে। নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে তারা দেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করছে। গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারকে পদত্যাগে বাধ্য করার কথা বলেন তিনি।

আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে প্রাক্‌–উনসত্তর আন্দোলন অভ্যুত্থানের বিষয় জায়গা পায়নি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘আসাদ থেকে গণ-অভ্যুত্থান: বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনায় রাশেদ খান মেনন বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এ দেশের ছাত্র, যুবক, শ্রমিক-কৃষকদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মানসিকভাবে ও সাংগঠনিকভাবে প্রস্তুত করেছিল। এই গণ-অভ্যুত্থান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সাল। গণ-অভ্যুত্থানের সূচনা করেছিলেন শহীদ আসাদ। আর ১৯৬৮ সালের শেষে এসে আয়ুইবি শাসন উৎখাতের চূড়ান্ত আন্দোলনটি শুরু করেছিলেন মাওলানা ভাসানী। কিন্তু এখন অনেক কম গুরুত্বপূর্ণ দিবস হিসেবে আলোচিত হলেও শহীদ আসাদ, উনসত্তরের গণ-অভ্যুত্থান সেভাবে জায়গা পায় না।

রাশেদ খান মেনন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাক্‌–উনসত্তর আন্দোলন অভ্যুত্থানের বিষয় জায়গা পায়নি। শহীদ আসাদ ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা দাবির আন্দোলনের কর্মসূচিতে মিছিলে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন। তাঁর কথা অথবা উনসত্তরের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ না করে মুক্তিযুদ্ধকে স্মরণ করা যায় না।