উনি আগে বলুক, আমার বক্তব্য কোনটা ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে তাঁর দেওয়া বক্তব্যের কোনটি ‘ভুল’ বা ‘মিথ্যা’, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সেদিন রামপাল নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম, উনাদের খুব গায়ে লেগেছে। গায়ে বেশি জ্বালা ধরেছে বলে আজকে (শনিবার) বক্তব্য দিয়েছে। কিন্তু উনি আগে বলুক যে, আমি যে বক্তব্য দিয়েছি কোনটা ভুল, মিথ্যা।’
শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। গত বুধবার সংবাদ সম্মেলনে দেওয়া নিজের তথ্য-উপাত্তকে সমর্থন করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই তথ্যের ওপর ভিত্তি করে যদি রামপাল বিদ্যুৎকেন্দ্র হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি দেশের। সুন্দরবন জাতীয় সম্পদ, এটা বিএনপিরও না, আওয়ামী লীগেরও না। সুন্দরবনটা শেষ হয়ে যাবে, এটা কি আমাদের জন্য ভালো হবে?’
খালেদা জিয়া বলেন, ‘আমরা তো বলি নাই যে, বিদ্যুৎকেন্দ্র চাই না। আমরা বলেছি, এখানে বন্ধ করতে হবে। আরও অনেক জায়গা আছে করার মতো। আমরা বারবার বলেছি, এই যে ভারতীয় কোম্পানি এনটিপিসি, ভারতের বিভিন্ন জায়গায় তারা কয়লা বিদ্যুৎকেন্দ্র করতে চেয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় বাধা পেয়েছে। জনগণ সেখানে প্রতিবাদ করেছে পরিবেশ এবং মানুষের ক্ষতি হবে বলে। সেখানকার (ভারত) গণতান্ত্রিক সরকার মানুষের কথা চিন্তা করে সে প্রতিবাদের প্রতি সম্মান দেখিয়ে বন্ধ করে দিয়েছে। আর সেই জিনিস বাংলাদেশে করা হচ্ছে। এর প্রভাবে দক্ষিণের সব জেলা ক্ষতিগ্রস্ত হবে।’
খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ নিজের সব অপকর্মকে ঢাকার জন্য এখন শুরু হয়েছে জঙ্গি জঙ্গি জঙ্গি। এই যে গুলশানের হলি আর্টিজানের কিন্তু তদন্ত-টদন্ত সে রকম কিছু হয়নি। জনগণের কাছে পরিষ্কার করেনি, কারা এর সঙ্গে জড়িত। এটা যেতে না-যেতেই দেখা গেল কল্যাণপুর। সেটার ছবিও আপনারা দেখেছেন। সাত-আটটা গুলি করা হলো পেছন থেকে। সবাই মারা গেল। এরা অল্প বয়সী শিক্ষিত ছেলে। বেশভূষায় বোঝাই যায় এটা সাজানো ঘটনা।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আজকে একটা সত্যিকারের জঙ্গিকে কেন জীবিত ধরা হলো না। জীবিত ধরা হলেই তো সত্যিকার তথ্য পাওয়া যেত তার কাছ থেকে। জঙ্গিবাদের যে সূত্রপাত বা শেকড় নির্মূল করা সম্ভব হতো। সেটা তারা করেনি।’ তিনি বলেন, ‘আমাদের সময় মির্জা আজমের বোনের জামাই শায়খ আবদুর রহমানকে জীবিত ধরেছি। তাঁকে ধরতে অনেক কষ্ট হয়েছে। তাঁকে ধরার পরই আস্তে আস্তে সব পরিষ্কার হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আজ পর্যন্ত সত্যিকার কোনো জঙ্গিকে ধরেনি।’
খালেদা জিয়া প্রশ্ন রেখে বলেন, ‘এটা বিশ্বাস করার মতো বিষয়? কেন তারা জীবিত ধরতে পারবে না? আমাদের পুলিশ বাহিনী খুব অ্যাকটিভ, খুব কার্যকর: খুব ভালো কথা। আমরা চাই সেটা। ওরা যদি একটি বাড়ির মধ্যে থাকে, সে বাড়ি থেকে ধরার কি এতটুকু ট্রেনিং নেই পুলিশের? তাহলে কী প্রশিক্ষণ তারা নিল?’
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ, গুলশান পূজামণ্ডপের সাধারণ সম্পাদক সুধাংশু দাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী প্রমুখ।