উনি আগে বলুন, আমি যে বক্তব্য দিয়েছি কোনটা ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাঁর দেওয়ার বক্তব্যের কোনটি ‘ভুল’ বা ‘মিথ্যা’ তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সেদিন রামপাল নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম, উনাদের খুব গায়ে লেগেছে। গায়ে বেশি জ্বালা ধরেছে বলে আজকে (শনিবার) বক্তব্য দিয়েছে। কিন্তু উনি আগে বলুন, যে আমি যে বক্তব্য দিয়েছি কোনটা ভুল, মিথ্যা।’
আজ শনিবার রাতে গুলশানের কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘যিনি বা যে দল এটা করছে, এরা হলো রাষ্ট্রবিরোধী, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। তার জবাব হয়তো আজকে ক্ষমতায় থেকে দিতে হচ্ছে না। কিন্তু ক্ষমতার বাইরে গেলে ওদেরকে এর জবাব দিতে হবে।’ তিনি বলেন, এটা তারা করতে পারে না। এটা তাদের পৈতৃক সম্পত্তি নয়। এমনকি পৈতৃক সম্পদ হলেও সেখানে দেশের স্বার্থের বিরোধী হলে বন্ধ করার অধিকার থাকে।
খালেদা জিয়া বলেন, ‘এই আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কাজ করছে। আরও কিছু আছে, যেগুলো আমি পরবর্তী সময়ে জাতির সামনে তুলে ধরব।’
গত বুধবার সংবাদ সম্মেলনে দেওয়া নিজের তথ্য-উপাত্তকে সমর্থন করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই তথ্যের ওপর ভিত্তি করে যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি দেশের। আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। সেখানে হিন্দু বলেন, আর মুসলমান বলেন, কেউ বসবাস করার অবস্থায় থাকবে না। সুন্দরবন জাতীয় সম্পদ, এটা বিএনপিরও, আওয়ামী লীগের না। সুন্দরবনটা শেষ হয়ে যাবে, এটা কী আমাদের জন্য কী ভালো হবে?’

খালেদা জিয়া বলেন, ‘আমরা তো বলি নাই যে, বিদ্যুৎ কেন্দ্র চাই না। আমরা বলেছি, এখানে বন্ধ করতে হবে। আরও অনেক জায়গা আছে করার মতো। আমরা বারবার বলেছি, এই যে ভারতীয় কোম্পানি এনটিপিসি, ভারতের বিভিন্ন জায়গায় তারা কয়লাবিদ্যুৎ কেন্দ্র করতে চেয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় বাধা পেয়েছে। জনগণ সেখানে প্রতিবাদ করেছে, পরিবেশ এবং মানুষের ক্ষতি হবে বলে। সেখানকার (ভারত) গণতান্ত্রিক সরকার মানুষের কথা চিন্তা করে সে প্রতিবাদের প্রতি সম্মান দেখিয়ে বন্ধ করে দিয়েছে। আর সেই জিনিস বাংলাদেশে করা হচ্ছে। এর প্রভাবে দক্ষিণের সব জেলা ক্ষতিগ্রস্ত হবে।’

খালেদা জিয়া বলেন আওয়ামী লীগ নিজের সব অপকর্মকে ঢাকার জন্য এখন শুরু হয়েছে জঙ্গি জঙ্গি। এই যে গুলশানের হলি আর্টিজানের কিন্তু তদন্ত-টদন্ত সেকরকম কিছু হয়নি। জনগণের কাছে এটা পরিষ্কার করেনি, কারা এর সঙ্গে জড়িত। এটা যেতে না যেতেই দেখা গেল কল্যাণপুর। সেটার ছবিও আপনারা দেখেছেন। সাত-আটটা গুলি করা হলো পেছন থেকে। সবাই মারা গেলে। এরা অল্পবয়সী শিক্ষিত ছেলে। বোঝাই যায়, যে এটা সাজানো ঘটনা।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ, গুলশান পূজামণ্ডপের সাধারণ সম্পাদক সুধাংশু দাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক সঞ্জীব চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।