আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের অক্লান্ত পরিশ্রমে আজ দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়ন রোধে একটি মহল বরাবরই বাধা সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর সৈনিক। কোনো বাধা আমাদের উন্নয়নকে দমিয়ে রাখতে পারবে না।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার জয়কাইল আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সজেদা চৌধুরী এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা হাকিম মনিরুল আলম, সংসদ উপনেতার ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লতিফ মিয়া প্রমুখ।