উন্নয়ন অনুদান নির্ভর বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগর ভবনে গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করেন মেয়র   আ জ ম নাছির উদ্দীন l প্রথম আলো
নগর ভবনে গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন l প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২ হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আয়ের মূল খাত ধরা হয়েছে উন্নয়ন অনুদান। এ খাতে আয় ধরা হয়েছে ১ হাজার ২৯০ কোটি টাকা। যা মোট বাজেটের ৫৫ দশমিক ৪২ শতাংশ।

গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অধিবেশনে সিটি করপোরেশনের কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গতকালের অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরে ৬৬২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। গত বছর মূল বাজেট ছিল ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকা। বাজেট বাস্তবায়নের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। এর আগের অর্থবছরে (২০১৫-১৬) বাজেট বাস্তবায়নের হার ছিল ৩৬ দশমিক ৩০ শতাংশ।

কর পুনর্মূল্যায়ন নিয়ে নেতিবাচক প্রচারণা এবং চারজন করদাতার মামলার কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় গত অর্থবছরে বাজেট শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, সিটি করপোরেশনে বেশ কিছু দিন প্রধান প্রকৌশলী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ছিল না। এ জন্য নতুন প্রকল্প নেওয়া সম্ভব হয়নি। ফলে উন্নয়ন অনুদানও মেলেনি।

বারবার বাস্তবায়ন না হওয়ার পরও সিটি করপোরেশনের কেন এত বড় আকারের বাজেট উপস্থাপন করা তা বোধগম্য নয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও স্থানীয় সরকার গবেষক মমতাজ উদ্দিন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের রাজস্ব আয়ের বেশির ভাগই চলে যায় বেতন-ভাতা খাতে। আবার ভৌত অবকাঠামো উন্নয়নে বড় বড় প্রকল্প গ্রহণ করে কিন্তু তার বিপরীতে সরকারের কাছ থেকে প্রত্যাশিত অর্থ পায় না। ফলে বাজেট বাস্তবায়নের পরিমাণ কমে যায়।

চলতি অর্থবছরে নিজস্ব উৎসে মোট প্রাপ্তি ধরা হয়েছে ৯৯৪ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বকেয়া কর খাতে ১৮১ কোটি ১২ লাখ টাকা, হাল কর (এ বছরের) খাতে ৫০০ কোটি টাকা এবং অন্যান্য কর খাতে ১২৬ কোটি ৫২ লাখ টাকা। গতবার নিজস্ব উৎসে মোট ১ হাজার ১৯৭ টাকা আয় ধরা হলেও সংশোধিত বাজেটে এসে তা হয় ৩৬৬ কোটি ৫১ লাখ টাকা।

বাজেট বক্তৃতায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিধি অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর কর নির্ধারণ তালিকা হালনাগাদ করতে হয়। তাই ইতিমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে পঞ্চবার্ষিকী কর-মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এতে কোনো রকম কর বৃদ্ধি করা হচ্ছে না।

এদিকে গত অর্থবছরে উন্নয়ন অনুদান খাতে ৯৮৫ কোটি ১০ লাখ টাকা আয় ধরা হলেও শেষ পর্যন্ত পাওয়া গেছে ২৬২ কোটি ২৪ লাখ টাকা। এবারের বাজেটে উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ২২৩ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে জাইকার প্রস্তাবিত প্রকল্পে ১৫০ কোটি টাকা, বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পে ১৮০ কোটি টাকা, বিএমডিএফের অর্থায়নে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্পে ১০০ কোটি টাকা এবং নগর ভবন নির্মাণে ২৫ কোটি টাকা উল্লেখযোগ্য।

এ ছাড়া এবারের বাজেটে শিশু-বান্ধব নগর গড়ার জন্য ৫ কোটি টাকা, অটিজম শিশুদের জন্য ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন ও জনস্বার্থে সিটি করপোরেশন নতুন নতুন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী দুই অর্থবছরের মধ্যে নগরের অলিগলি ও রাজপথ উন্নয়ন করা সম্ভব হবে। এ ছাড়া শতভাগ আলোকিত শহর ও পরিচ্ছন্ন নগর গড়ার কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। নগরের উন্নয়ন ও জনপ্রত্যাশা একে একে পূরণ করা হবে।