উন্নয়ন ঠেকাতে বিএনপি-জামায়াতের গুপ্তহত্যা: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়ন ঠেকাতে বিএনপি-জামায়াত গুপ্তহত্যা শুরু করেছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘যেকোনো উপায়ে দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করা হবে।’

আজ শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৪ দলের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, গত সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত গণতন্ত্র বানচাল করতে সহিংসতায় মেতে উঠেছিল। দেশে শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। তারা তাতে রাজি না হয়ে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়। এতে সফল হতে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করে। কিন্তু নির্বাচন ঠেকাতে পারেনি।

নাসিম আরও অভিযোগ করেন, ‘নির্বাচনের পর বিদেশিদের কাছে ধরনা দিয়েছে বিএনপি-জামায়াত। কেউ তাতে সাড়া দেয়নি। ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত শেখ হাসিনাকে ঠেকাতে গোপন হত্যা শুরু করেছে। জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে। এতেও লাভ হবে না।’ তিনি নেতা-কর্মীদের পাড়ায় পাড়ায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে সজাগ থাকার পরামর্শ দেন।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, সাংসদ মো. আবুল কালাম, শফিকুল ইসলাম ও আবদুল কুদ্দুস, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধান বক্তব্য দেন।

সুনীল গোমেজের বাড়িতে নাসিম
সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জঙ্গি হামলায় নিহত বনপাড়ার সুনীল গোমেজের বাড়িতে যান। এ সময় তিনি সুনীলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দিতে এই সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সুনীলের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন।