উন্নয়ন ফি বাতিলে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
জোটের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান। তিনি বলেন, বিভাগ উন্নয়ন ফির নামে অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়। এই ফি বাতিলের দাবিতে তাঁরা আন্দোলন করে আসছেন। কিন্তু প্রশাসন তাদের অবস্থান থেকে একচুলও সরেনি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধ করা হবে। সেই সঙ্গে দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করা হবে আজ মঙ্গলবার থেকে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল এবং ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ নজির আমিন উপস্থিত ছিলেন।
প্রথম বর্ষের ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। আন্দোলনের অংশ হিসেবে ওই দিন অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা অবরোধ করেন তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি-প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৮ ডিসেম্বর থেকে ভর্তি-প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় তারা।