উন্নয়নে আ.লীগের ভূমিকার প্রশংসায় বিদেশি অতিথিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আসা বিদেশি অতিথি ও অন্য ব্যক্তিরা l ছবি: বাসস
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আসা বিদেশি অতিথি ও অন্য ব্যক্তিরা l ছবি: বাসস

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেওয়া বিদেশি অতিথিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতাসীন দলটির ভূমিকার প্রশংসা করেছেন। তাঁরা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন।

গতকাল শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ১১টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ৫৯ জন প্রতিনিধি। তাঁদের মধ্যে ১৬ জন বক্তব্য দেন।

ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম নবী আজাদ বলেন, কংগ্রেস ও আওয়ামী লীগের সম্পর্ক অনেক পুরোনো ও দৃঢ়। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নানা সময়ে দুটি দল কাছাকাছি থেকেছে। কংগ্রেস ও আওয়ামী লীগ দুটি দলই নিজ নিজ দেশের উন্নয়নে স্বাধীনতার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক-বিষয়ক ভাইস মিনিস্টার ঝেং জিয়াওসং বলেন, আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগ সব সময় নিবিড় সম্পর্ক রেখে চলেছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সহসভাপতি বিনয় প্রভাকর সহস্রাবুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনি সত্যিকার অর্থেই জননেত্রী। আপনি একজন বিরল নেত্রী। শুধু বাংলাদেশের মানুষের জননেত্রী নন, আপনি এই পুরো উপমহাদেশ এবং বিশ্বের মানুষের নেত্রী।’

সম্মেলনে বিনয় প্রভাকরের সঙ্গে বিজেপির নেতা ও রাজ্যসভার সদস্য রূপা গাঙ্গুলি এবং ত্রিপুরার দলীয় নেতা বিপ্লব কুমার দেবও এসেছেন।

রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টির ডেপুটি সেক্রেটারি সের্গেই ঝেলঝিনিয়াক বলেন, বাংলাদেশকে যেসব দেশ স্বাধীনতাযুদ্ধে সমর্থন করেছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তার মধ্যে অন্যতম। আজকের রাশিয়া তারই উত্তরাধিকার। আন্তর্জাতিক নানা ক্ষেত্রে দুটি দেশের একই অবস্থান।

অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতা হিউ ম্যাকডরমট বলেন, আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া চতুর্থ রাষ্ট্র অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গে যেসব রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, সেসব দেশের মধ্যে প্রথমে ছিল অস্ট্রেলিয়া।

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) পলিটব্যুরোর সদস্য বিমান বসু শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতিকে উঁচু মানে তুলেছেন আপনারা। আপনাদের সরকারের উদ্যোগেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। সারা পৃথিবীর মানুষ এটা জানে। মৌলবাদী শক্তির বিরুদ্ধে আপনাদের ভূমিকাকে কুর্নিশ জানাই।’

নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রামশরণ মাহাতো বলেন, বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির একটি। নেপালি কংগ্রেস আওয়ামী লীগের সঙ্গে এক আবেগের বন্ধনে বাঁধা।

সম্মেলনে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন ইতালির ডেমোক্রেটিক পার্টির খালিদ চাওকি, অস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মিসেস ফুকস, শ্রীলঙ্কার ধর্ম-বিষয়ক মন্ত্রী এ এইচ মোহাম্মদ হাশেম, যুক্তরাজ্যের ওয়েলস লেবার পার্টির জেনি র‍্যাথবোন, কানাডার কনজারভেটিভ পার্টির দীপক ওবেরয়, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আসাম গণপরিষদের নেতা প্রফুল্ল কুমার মহন্ত, মেঘালয়ের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মজিদ মেমন, মিজোরাম রাজ্যের মিজো ন্যাশনাল ফ্রন্টের জোরাম থাঙ্গা প্রমুখ।

বিদেশি অতিথিদের মধ্যে ২৪ জন এসেছেন ভারত থেকে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলে আছেন পাঁচজন। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ভুটান, অস্ট্রিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও কানাডার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।