উন্নয়নে প্রত্যেককে মেয়রের ভূমিকা নিতে হবে: খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীর উন্নয়নে প্রত্যেক নাগরিককে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নিজের বাসস্থানের মতো শহরটিকে সুন্দর রাখতে হবে। তা হলেই ঢাকা বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত হবে।
আজ বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে সাঈদ খোকন এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাঈদ খোকন বলেন, বঙ্গবন্ধু নিজের জীবন থেকে শুরু করে প্রতিটি জিনিস দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছেন। এখন সবাই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মত্যাগ সফল হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, রাজাকারেরা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। তাই বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিক্রিয়াশীলদের প্রতিহত করতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজীবুল্লাহ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য দেন।