উন্নয়নে ভাসিয়ে দেব বললে জঙ্গিবাদ ঠেকানো যাবে না: জাসদের একাংশ
জঙ্গিবাদের পদধ্বনি বাংলাদেশেও শোনা যাচ্ছে। তাই এ বিষয়ে এখনই আদর্শের ভিত্তিতে সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে। শুধু উন্নয়নে ভাসিয়ে দেব—এ কথা বলে জঙ্গিবাদ ঠেকানো যাবে না।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একাংশের উদ্যোগে ‘সাম্প্রদায়িকতা—জঙ্গিবাদের প্রকৃতি: বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার বক্তারা এ কথা বলেন। সভায় রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকেরা বক্তব্য দেন।
সভায় প্রবীণ রাজনীতিবিদ অজয় রায় বলেছেন, ‘আমাদের দেশেও জঙ্গিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। বিপদ বুঝে পদক্ষেপ নিতে হবে। এ জন্য একটি জাতীয় জাগরণ দরকার।’
নিরাপত্তা বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা আবদুর রশিদ বলেছেন, জঙ্গিবাদের অক্সিজেন হলো অর্থ। এ অর্থ বন্ধ করলে অক্সিজেন বন্ধ হয়ে জঙ্গিবাদ মরে যাবে। এ জন্য চেতনার লড়াইকে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আমাদের ৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে।’
আলোচনা সভার সভাপতি ও জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, উন্নয়ন দিয়ে ভাসিয়ে দেওয়া হবে—এ কথা বলে জঙ্গিবাদ মোকাবিলা করা যাবে না। আদর্শ, নৈতিকতা ও রাজনৈতিক স্বচ্ছতার মাধ্যমে এ অশুভ শক্তিকে পরাস্ত করা সম্ভব।
জাসদের এ অংশের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, নিরাপত্তা বিশ্লেষক এ কে মোহাম্মদ আলী শিকদার, আইনজীবী রানা দাশগুপ্ত, জাসদের এ অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য মো. খালেদ।