আওয়ামী লীগ সরকার নির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বেশির ভাগ ভোটার ভোট দেননি। এ সরকার আগে উন্নয়ন পরে গণতন্ত্রের দোহাই দিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। তাঁদের সঙ্গে প্রতারণা করছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অবস্থা ভালো না। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এ সরকার গুম-খুনের সরকার। এরা বিএনপির নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতা-কর্মী-সমর্থককে গুম করেছে। এরা কানাডা, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছে। এই সরকার ১০ টাকার চালের ব্যবস্থার কথা বলে রাজনৈতিক মহলে বাহবা কুড়াতে চায়। এখন বাজারে মোটা চালের কেজি ৫০ টাকা।