উন্নয়নের পাশাপাশি গণবৈষম্যের সৃষ্টি হয়েছে: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে উন্নয়ন হচ্ছে কোনো সন্দেহ নেই, দেশ এগিয়ে চলেছে, মাথাপিছু আয় বাড়ছে। কিন্তু পাশাপাশি সৃষ্টি হচ্ছে গণবৈষম্যের।
আজ শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান মেনন। অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, দেশে জিনিসের দাম, চালের দাম, সবজির দাম বাড়ছে। পণ্যের দাম মানুষের আয়ের সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। এর ওপরে জন্ম নিয়েছে ১ লাখ ২৫ হাজার কোটিপতির। আর দারিদ্র্যসীমার নিচে বাস করছে তিন কোটি মানুষ, হতদরিদ্র মানুষের সংখ্যা দুই কোটির ওপরে। তিনি বলেন, ‘সমাজতন্ত্র কাল্পনিক, অলীক বিষয় নয়। সমাজতন্ত্র বাস্তব। বাংলাদেশকে সমাজতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শপথ নিতে হবে।’
রংপুরের হামলার ঘটনা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘রংপুরে যা ঘটল, তা নিদারুণ ঘটনা। সেখানে সাম্প্রদায়িকতার ছোবল মারা হয়েছে পরিকল্পিতভাবে। এটা রুখতে আমাদের সামনে একটি বিকল্প। সেই বিকল্প হচ্ছে সমাজতন্ত্রের পথ ধরে এগিয়ে যাওয়া। আমরা একটি ন্যায্য মানবতাপূর্ণ, সমতাভিত্তিক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়তে চাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
সমাবেশে ঘোষণা পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, পশ্চিমা দুনিয়া ও বাংলাদেশ দুই জায়গাতেই বৈষম্যের পাহাড় সৃষ্টি হয়েছে। এই পাহাড় ভেঙে গরিব-শোষিত-মেহনতি-বঞ্চিত মানুষ নিশ্চয়ই উঠে দাঁড়াবে। সেই উঠে দাঁড়ানো হবে সমাজতন্ত্রের পথে সমতার পথে, বৈষম্যহীনতা ও শোষণহীনতার পথে এগিয়ে যাওয়া। তিনি বলেন, পশ্চিমা দুনিয়া ও বাংলাদেশে গরিব মানুষদের শোষিত হওয়ার হার বাড়ছে। পুঁজিবাদ নয় সমাজতন্ত্রই মানবমুক্তির পথ। পুঁজিবাদ নয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের একমাত্র পথ। যাঁরা মুক্তিযুদ্ধের চেতনাকে পরিহার করে পুঁজিবাদের চেতনা অবলম্বন করছেন, তাঁরা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা সেই পথের পথিক নই। বিপ্লব অনিবার্য, বিপ্লব করতেই হবে।
অক্টোবর বিপ্লবের শতবর্ষের সমাপনী সমাবেশে গণসংগীত পরিবেশন করা হয়। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।