উন্নয়নের মহাসড়কে খানাখন্দ, দুর্ঘটনার আশঙ্কা: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ‘উন্নয়নের মহাসড়ক’ খানাখন্দে ভরা। এ পথে চলতে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা আছে।
গুলশানে গতকাল রোববার সকালে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
গত ১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের বিষয়ে বিএনপির নেতারা তাঁদের প্রতিক্রিয়া দিলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। ঘোষিত প্রস্তাবিত বাজেট ঘোষণার ১০ দিন আর প্রতিক্রিয়া তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রস্তাবিত বাজেট সম্পর্কে ফখরুল বলেন, জনগণের কাছে অনির্বাচিত সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এই বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এটি মানুষকে বোকা বানানোর বাজেট, প্রতারণার বাজেট।
অর্থমন্ত্রীর ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ স্লোগান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘কিন্তু এই উন্নয়নের মহাসড়ক খানাখন্দে ভরা। এর ওপর দিয়ে চলতে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা।’ চার লাখ কোটি টাকার ‘বড়’ বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আকার বড় করা হলেই ভালো বাজেট হয় না।’
মির্জা ফখরুল বলেন, ‘বাজেটের মধ্যে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকার ঘাটতি দেখানো হয়েছে। এই বাজেটের অর্থ কী? এই বিরাট বাজেট ধাপ্পাবাজি ছাড়া আর কিছু না।’ তিনি বলেন, বাজেটের কিছু কিছু প্রস্তাব অর্থনৈতিক ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। জনগণের চোখে দৃশ্যমান উন্নয়ন করতে গিয়ে দ্বিগুণ-চার গুণ অর্থ ব্যয় করে সম্পদের অপচয় করা হচ্ছে। এ ছাড়া দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে।
বাজেট বিষয়ে হতাশ ও ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।