উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক শাসন অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতার জন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা অপরিহার্য বলে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও খালেদা জিয়া একমত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
গতকাল শনিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ২০ মিনিটের এই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম মোরশেদ খান, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী।
পরে শমসের মবিন সাংবাদিকদের বলেন, জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচনে অনেক বড় দল অংশ নেয়নি, এটি জাপান অবগত আছে। জাপানের প্রধানমন্ত্রী আশা করেন, বড় দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করতে পারবে, যা বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে।
শমসের মবিন জানান, বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের সঙ্গে জাপানের গভীর-বহুমুখী সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে জাপান বিশেষ ভূমিকা রেখে আসছে। এ জন্য খালেদা জিয়া জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জাপানের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে শমসের মবিন বলেন, তাঁরা গণমাধ্যমে এ বিষয়টি জেনেছেন। এটি সরকারি সিদ্ধান্ত। সরকারি কোনো বিষয় নিয়ে বিএনপির সঙ্গে বৈঠকে আলোচনা হয়নি। তবে তিনি বলেন, বাংলাদেশ ১৯৭৮ সালে প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। এর পরও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই প্রথমবার বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করল।