উপনির্বাচনে আ.লীগ প্রার্থীকে ১৪ দলের সমর্থন
কুমিল্লা সিটি করপোরেশন ও সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে ১৪ দলীয় জোটের শরিকেরা। গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে জোটের এক বৈঠক শেষে মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের প্রার্থী জয়া সেনগুপ্ত। এই দুই প্রার্থীকে বিজয়ী করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁদের পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের নেতারা অংশ নেবেন।
৩০ মার্চ কুমিল্লা ও সুনামগঞ্জে ভোট গ্রহণের দিন ধার্য করা আছে। সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার কারণে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জয়া সেনগুপ্ত হলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী।
নাসিম জানান, ১৪ দলের বৈঠকে ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে দিবসটি পালনে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আগামী ২৫ মার্চ ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও এ দিবসটি পালনে কর্মসূচি নেওয়া হবে।
শনিবার নরসিংদী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের একাংশের সমাবেশে যোগ দিতে কর্মীদের ওপর পথে হামলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নাসিম বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় ১৪ দলের ঐক্য বিনষ্ট করা যাবে না।
জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদের (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।