নির্বাচন কমিশন আগামী মার্চ মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ৭৭২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব ইউপির অবস্থান ১২টি জেলার উপকূলীয় অঞ্চলে। এ জন্য ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ পরিষদের প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগের নির্বাচনের তারিখ থেকে পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, এইচএসসি পরীক্ষা ও রমজান মাসকে বিবেচনায় নিয়ে নির্বাচন করতে হবে। তাই কমিশনকে মার্চ মাসের শেষ দুই সপ্তাহ, মে মাস পুরোটা ও জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কমিশন সচিবালয়ের সূত্রে জানা গেছে, এপ্রিল থেকে মাসজুড়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা চলবে। আবার জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রোজা। দেশে মোট ৪ হাজার ৫৭১টি ইউপির মধ্যে নির্বাচন হবে ৪ হাজার ৩০০টির কিছু বেশি ইউপিতে।
অতীতে চার-পাঁচ মাস ধরে ইউপি নির্বাচন অনুষ্ঠানের নজির থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কমিশন এবার তেমনটা ভাবছে না। কমিশনের মতে, পৌর নির্বাচন এক দিনে করাতে হানাহানি কম হয়েছে। ইউপি নির্বাচন লম্বা সময় ধরে করা হলে ঘোষিত নির্বাচনের ফল পরের নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে। পিছিয়ে পড়া দল প্রভাব বিস্তারের চেষ্টা করবে। এতে সহিংসতা ও হানাহানি বেড়ে যেতে পারে। সে জন্য কমিশন মে মাসের মধ্যে নির্বাচন শেষ করতে চায়।
প্রথমবারের মতো রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ হাজার ৩০০ ধরনের ব্যালট পেপার ছাপা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচনে এই পরিমাণ ব্যালট পেপার ছাপার ইতিহাস অতীতে নেই।
অতীতে ইউপিসহ সব ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত হতো বলে কমিশনকে চেয়ারম্যান বা মেয়র, মেম্বার বা কাউন্সিলর ও সংরক্ষিত পদের মেম্বার বা কাউন্সিলরদের জন্য মাত্র তিন ধরনের ব্যালট পেপার ছাপাতে হতো। এসব ব্যালটে শুধু প্রতীক থাকত, প্রার্থীর নাম থাকত না। এর বাইরে শুধু সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য দলীয় প্রতীক ও প্রার্থীর নামসহ সমপরিমাণ ব্যালট পেপার অভিজ্ঞতা নির্বাচন কমিশনের আছে। সর্বশেষ পৌর নির্বাচনে মেয়র পদের জন্য ২৩৫ ধরনের ব্যালট পেপার ছাপাতে হয়েছিল।
এসব ইউপির ভোটার সংখ্যা সাড়ে আট কোটির বেশি। প্রতিটি ইউপির চেয়ারম্যান পদের জন্য পৃথক ব্যালট পেপার ছাপার প্রয়োজন হলেও মেম্বার বা সদস্য পদের জন্য অতীতের মতো দুই ধরনের ব্যালট পেপার ছাপা হবে। সব মিলিয়ে তিনটি পদের জন্য ২৭ কোটির মতো ব্যালট পেপার ছাপতে হবে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, অতীতে কমিশনকে কখনো এ ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। তফসিল ঘোষণার পর যথাসময়ে ৪ হাজার ৩০০ ধরনের ব্যালট পেপার ছাপানো কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হবে। এরপর যথাসময়ে যথাস্থানে পাঠানো হবে আরেক চ্যালেঞ্জ। তার চেয়েও বড় চ্যালেঞ্জ হবে ব্যালট পেপারের হিসাব রাখা। সামান্য ভুলে এক জায়গার ব্যালট পেপার অন্য জায়গায় চলে গেলে সর্বনাশ হয়ে যাবে।