উপজেলা আ.লীগ ও ভাইস চেয়ারম্যানের পাল্টাপাল্টি কর্মসূচি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যানের স্ত্রীর মামলা দায়েরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে।
একই দিন সকালে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীর লোকজন গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে মানববন্ধন করতে যায়। পুলিশের বাধায় তা পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যানের পৌরসভার কাউন্সিলর আফরোজা রাব্বানী।
সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ বি এ ম নুরুল ইসলাম, সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মণ্ডল স্বাগত বক্তব্য দেন। পরে লিখিত বক্তব্যে বলা হয়, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। এ ছাড়া উপজেলা চেয়ারম্যানের গাড়িচালককে মারধরসহ নানা অপকর্মের কারণে তাঁকে জেলা আওয়ামী লীগ সাময়িকভাবে বহিষ্কার করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি নুরুল ইসলাম মণ্ডল ও নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে একটি জাতীয় পত্রিকায় ফলাও করে মিথ্যা সংবাদ পরিবেশন করান। কয়েক দিন আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেও তিনি মিথ্যা তথ্য প্রচার করেন। তাঁর স্ত্রী আফরোজা রাব্বানী নুরুল ইসলাম মণ্ডল ও নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে আফরোজা রাব্বানী বলেন, ‘আমার স্বামী এখন এলাকাছাড়া। নুরুল ইসলাম মণ্ডল ও তাঁর লোকজনের হুমকিতে পরিবারের সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। শিশুসন্তানেরা বিদ্যালয়ে যেতে পারছে না। এর প্রতিবাদে সকালে মানববন্ধন করতে গেলে পুলিশ করতে দেয়নি। কাউকে রাস্তায় পর্যন্ত দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, মানববন্ধনে যাতে কেউ অংশ নিতে না পারে, সে জন্য আগের দিন রাতে বেশ কয়েকজন কর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালায়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংসদ কাজী কেরামত আলী বলেন, ভাইস চেয়ারম্যানের স্ত্রী হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন। এর জবাব নুরুল ইসলাম মণ্ডল আদালতেই দেবেন। গোলাম মাহাবুবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে শিগগিরই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।