উপজেলা ও সাত ইউনিয়নে দুটি করে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দুই ধারায় বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছেন। দেড় বছর ধরে গৌরনদী উপজেলা এবং সাতটি ইউনিয়নে বিএনপির দুটি করে কমিটি বহাল রয়েছে। দুটি কমিটির নেতারাই নিজেদের কমিটি বৈধ বলে দাবি করছেন। এ নিয়ে বিভ্রান্ত ও হতাশ দলীয় নেতা-কর্মীরা।

বিএনপির তৃণমূল, স্থানীয় লোকজন ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদীতে বিএনপির রাজনীতিতে দুটি ধারা বিদ্যমান। দুটি ধারার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলার সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

উপজেলা বিএনপির দলীয় কাগজপত্রে দেখা যায়, সম্মেলনের মাধ্যমে ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানকে সভাপতি করে ৫১ সদস্যবিশিষ্ট গৌরনদী উপজেলা কমিটি গঠন করা হয়। ওই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দীন ও সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানপন্থী হিসেবে পরিচিত গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়াকে আহ্বায়ক, গোলাম হোসেনসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি ঘোষণার পর ওই কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়কের ৭ জনই কমিটির যুগ্ম আহ্বায়কের পদ প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের জন্য বিএনপির চেয়ারপারসন এবং তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে আবেদন জানান। যুগ্ম আহ্বায়ক পদ প্রত্যাখ্যান করা নেতারা হলেন বদিউজ্জামান মিন্টু, সিরাজুল ইসলাম খান, আবুল কালাম খান, রুহুল আমিন, আনোয়ার হোসেন, আকতার হোসেন ও আবদুল আউয়াল। ৭ জন পদত্যাগ করার পরও আহ্বায়ক মো. আবুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, আ ফ ম রশিদ দুলাল, গাজী আবু বকর ও আলী আকবর মোল্লা আহ্বায়ক কমিটির কার্যক্রম চালিয়ে আসছেন। সেই থেকে দুটি কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।

গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানপন্থী নেতা-কর্মী রয়েছেন। প্রতিটি ইউনিয়নে দুটি করে কমিটির কার্যক্রম চলছে।

তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা হতাশা ব্যক্ত করে জানান, দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুটি করে কমিটির কার্যক্রম পরিচালনায় দলের মধ্যে বিভেদ ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে তাঁরা কেন্দ্রীয় হস্তক্ষেপ কামনা করেন।

নিজের উপজেলা কমিটির বৈধতা দাবি করে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান এ প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমার কমিটির বৈধতা রয়েছে। সেহেতু আমার অনুমোদিত সাতটি ইউনিয়ন কমিটিই বৈধ। এই কমিটির বাইরে যাঁরা দলীয় পদ-পদবি পরিচয় দেন, তাঁরা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন।’

কুদ্দুসুর রহমান-সমর্থিত উপজেলা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মিয়া ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের দাবি প্রত্যাখ্যান করে নিজের কমিটির বৈধতা দাবি করে বলেন, ‘ইঞ্জিনিয়ার মিথ্যাচার করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।’