উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদের আগাম তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আগাম গণসংযোগে নেমে পড়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহমুদ হাসান। গত কয়েক দিনে বিভিন্ন সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা জানান। এ আসনের সাবেক সাংসদ আবদুছ ছাত্তারও গণসংযোগ শুরু করে দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের প্রায় ১২ জন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মূলত দ্বিধাবিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুছ ছাত্তার এবং অপর অংশে মাহমুদ হাসান।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টির ফখরুল ইমামকে দেওয়া হয়। আসন ছেড়ে দেওয়ার পুরস্কার হিসেবে আবদুছ ছাত্তার পান কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের পদ। ফলে তাঁর পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রফিকুল ইসলাম। দায়িত্ব পালনের সময় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন নিয়ে আবদুছ ছাত্তারের সঙ্গে রফিকুলের দূরত্ব তৈরি হয়। ওই দূরত্বের কারণেই রফিকুল এক সময়ে মাহমুদ হাসানের বলয়ে চলে যান। এতে এ অংশটি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠে।

সাংগঠনিক এই শক্তিকে পুঁজি করে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আগাম গণসংযোগে নেমে পড়েছেন মাহমুদ হাসান। তিনি কাজটা শুরু করেন ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে। এরপর থেকে মাহমুদ হাসানের পক্ষের নেতা-কর্মী ও সমর্থকেরা ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা আয়োজন করেন। এসব সভায় মাহমুদ হাসান নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য এলাকার লোকজনের সমর্থন চান।

গত সোমবার উপজেলার মরিচার চর চৌরাস্তা বাজারের পাশে এবং বুধবার সুন্দাইলপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রচার চালানোর জন্য সভার আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা নোমান চৌধুরী বলেন, ‘ঈশ্বরগঞ্জের মানুষ আর স্বজনপ্রীতি দেখতে চায় না। উপজেলা চেয়ারম্যান হিসেবে মাহমুদ হাসান এলাকায় যতখানি উন্নয়ন করেছেন, সাংসদ হতে পারলে আরও বেশি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’

 ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বদরুল আলম দাবি করেন, ‘এ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হয় আমাদের নেতার মাধ্যমে। আমাদের নেতা আবদুছ ছাত্তার প্রতি সপ্তাহে এখানে এসে গণসংযোগ করছেন। মনোনয়ন পাওয়া তো দূরের কথা, ঢাকায় আমাদের নেতার যে প্রভাব তাঁর ধারেকাছে ঘেঁষার ক্ষমতা মাহমুদ হাসানের নেই।’

 ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আবদুছ ছাত্তার বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১ লাখ ২৭ হাজারের বেশি ভোট পেয়েছি। আমি ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের জীবন দিয়েছি। কাজেই অন্য কাউকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। আপনি যদি আমার সঙ্গে এলাকা ঘুরে দেখেন, তাহলে আমার জনপ্রিয়তা কেমন, তা টের পাবেন।’

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, বিগত সময়ে কারা স্বজনপ্রীতি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, কারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পদে আত্মীয়দের বসিয়ে কোটি টাকার নিয়োগবাণিজ্য করেছেন, তা ঈশ্বরগঞ্জবাসীর কাছে পরিষ্কার। তাই আওয়ামী লীগের মতো গণমানুষের দলকে আঁকড়ে ধরে সেই শ্রেণিটি আবার পার পেতে চাইছে। কিন্তু ঈশ্বরগঞ্জবাসী তাদের কর্মকাণ্ড ভুলে যাননি।