উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল আলমকে গোপালপুর ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে আয়োজিত সভা থেকে গতকাল সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহার আলী খলিফা ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করে জেলা ও উপজেলা বিএনপি।
বিএনপির স্থানীয় কয়েকজন নেতা জানান, আজহার আলী খলিফা ও মোহর আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করায় গতকাল রাজাপুর বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান।
সভায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল বারী জানান, আজহার আলী খলিফা ও মোহর আলী দেওয়ানের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত একরামুল আলমকে গোপালপুর ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তিনি এই ইউনিয়নে আসতে চাইলে তাঁকে প্রতিহত করা হবে।
এ সময় আবদুল বারীর বক্তব্যকে সমর্থন জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্য আজিমুদ্দিন, আবু তালেব, দুলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী শরীফ খান ও ছাত্রদলের কর্মী শরীফুল ইসলাম।
এ ব্যাপারে একরামুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি উপজেলার চেয়ারম্যান। ওই ইউনিয়নে (গোপালপুর) আমাকে অবাঞ্ছিত করার তাঁরা (বিক্ষুব্ধরা) কে? আমি যা করেছি, তা দলীয় শৃঙ্খলার স্বার্থে করেছি।’