গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ এ ঘোষণা দেয়।
বহিষ্কার হওয়া পাঁচ ব্যক্তি হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থীর বাবা অজিত কুমার সাহা, উপজেলা সাংগঠনিক সম্পাদক শামীম উজ্জামান, উপজেলা সদস্য মো. সোলায়মান ও শাহাদত হোসেন।
গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদারের সফিপুরের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কামাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁদের বহিষ্কার করা হলো।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ বলেন, দলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতাদের নির্দেশ ও সিদ্ধান্ত মোতাবেক ওই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
গত শনিবার প্রথম আলোয় ‘বিদ্রোহীদের প্রচারে আ.লীগ নেতারা!’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বহিষ্কৃত ওই পাঁচজন ছাড়াও আরও কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়।