উপজেলা নির্বাচন থেকে দুজনই এবার ইউপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে দুজন ছিলেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সেই নির্বাচনে হেরেছিলেন দুজনই। এবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন তাঁরা। অবশ্য দুজন ভিন্ন দুটি ইউনিয়নে।
এ দুজন হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা অরুণোদয় পাল ও উপজেলা বিএনপির বর্তমান সহসাংগঠনিক সম্পাদক এস টি এম ফখর উদ্দিন। অরুণোদয় পাল সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। ফখর উদ্দিন একই উপজেলার দয়ামীর ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী। এ দুজন ২০১৪ সালে অনুষ্ঠিত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন খেলাফত মজলিস-সমর্থিত প্রার্থী সৈয়দ আলী আছগর। তিনি ৩৪ হাজার ২ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অরুণোদয় পাল পেয়েছিলেন ৩০ হাজার ১২৩ ভোট। তৃতীয় হয়েছিলেন বিএনপির ফখর উদ্দিন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২০ হাজার ৮৫৬ ভোট।
উপজেলা নির্বাচনের পর এখন ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার কারণ হিসেবে দুজন একই রকম বক্তব্য দিয়েছেন। তাঁরা বলছেন, ইউপি নির্বাচন হচ্ছে সরাসরি দলীয় প্রতীকে। এ ছাড়া নেতা-কর্মীরা চাইছেন বলেই তাঁরা প্রার্থী হয়েছেন। এতে বরং আগের সেই অভিজ্ঞতা কাজে লাগবে।
তাজপুর, দয়ামীরসহ ওসমানীনগরের আট ইউপিতে ২৮ মে ভোট অনুষ্ঠিত হবে।