উপজেলা পরিষদ হয়ে ফের ইউপি নির্বাচনে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাসিন্দা মো. আবুল খায়ের বিএনপির নেতা। ২০০৩ ও ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।
একই উপজেলার আচারগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ২০১১ সালের ইউপি নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। উল্লিখিত দুই নেতা গত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এবার তাঁরা দুজনই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির সূত্রে জানা যায়, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে দলীয় সমর্থন পান আবুল খায়ের। পরে দল তাঁকে বাদ দিয়ে অন্য এক ব্যক্তিকে সমর্থনের চিঠি পাঠায়। কিন্তু তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এখানে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী। আবুল খায়ের বলেন, তিনি ওই নির্বাচনে নিজের ইউনিয়ন (মোয়াজ্জেমপুর ইউপি) থেকে প্রায় ছয় হাজারের মতো ভোট পেয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রফিকুল ইসলাম বলেন, ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে ৫০ হাজারের বেশি ভোট পেলেও পরাজিত হন তিনি। ২০১১ সালের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দেড় হাজারের বেশি ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ হয়ে বর্তমানে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তবে দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সমর্থক ও ইউনিয়নবাসীর চাপে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন।
দুটি ইউনিয়নের অন্তত ১০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দুজন বারবার জনরায় নেওয়ার জন্য জনগণের কাছে এসেছেন। তাঁরা কী করবেন বা কী করতে পারেন তা পরীক্ষিত। ২৩ এপ্রিল জনগণের কাছে তা পরিষ্কার হয়ে যাবে।