উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন দলটির একাংশের নেতারা। গত রোববার রাত আটটার দিকে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে সই করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রশিদ, পৌর শাখার আহ্বায়ক ইবনে তারেক ও সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আশরাফুল হকসহ উপজেলা ও পৌর শাখার তিনজন করে যুগ্ম আহ্বায়ক।

গত ২৯ অক্টোবর পীরগঞ্জ পৌর মিলনায়তনে ছাত্রদলের উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমীন, ছাত্রদলের রংপুর বিভাগীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা সভাপতি রাশেদ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সম্মেলনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ছাত্রদলের উপজেলা আহ্বায়ক আবদুর রশিদ। সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা সভাপতি রাশেদ আলম বিভিন্ন পদপ্রার্থীর ছাত্রত্বের সনদ তিন দিনের মধ্যে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

রোববারের সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ ডিসেম্বর বিকেল চারটায় ছাত্রদলের জেলা সভাপতি রাশেদ আলম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ জেলা কমিটির নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও বাসভবনে পীরগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেন। পীরগঞ্জের ছাত্রদলের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে এ কমিটি প্রত্যাখ্যান করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল আলম বলেন, ‘যাঁদের ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে তাঁরা ছাত্রদলে থাকতে পারবেন না—মর্মে বিএনপির মহাসচিবের স্পষ্ট নির্দেশনা আছে। আমরা সে মোতাবেক প্রকৃত ছাত্রকে গুরুত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছি।’