সিলেটের কানাইঘাট উপজেলায় তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে উপজেলা বিএনপির কার্যক্রম সাময়িক স্থগিত করেছে জেলা কমিটি। সেই সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। তবে তা এখতিয়ার-বহির্ভূত বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। গতকাল বুধবার তাঁরা যৌথ বিবৃতি দিয়ে জেলা কমিটির এ সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানান।
তৃতীয় দফায় উপজেলার নয়টি ইউপির নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে এ নির্বাচন সামনে রেখে বিএনপি চলতি মাসের শুরু থেকে দলীয় প্রার্থী বাছাই শুরু করে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ে পর্যায়ক্রমে সভা হয়। এসব সভায় উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ তাঁর পছন্দের প্রার্থীকে বাছাই করতে ৯৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে আর্থিক সহায়তা করেন। সর্বশেষ ৭ মার্চ উপজেলা সদরে এ রকম একটি সভায় টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ পেলে প্রার্থী বাছাই বন্ধ করা হয়। এ খবর পেয়ে গত মঙ্গলবার রাতে জেলা বিএনপি চিঠির মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
চিঠিতে বলা হয়, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় ‘অনৈতিক’ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাঁদের সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘প্রার্থী বাছাইয়ের বিষয়টি সম্পূর্ণ স্থানীয় কমিটির ওপর ন্যস্ত। স্থানীয়ভাবেই তা করা হচ্ছিল। এ কাজে টাকা দেওয়ার প্রশ্ন উঠবে কেন? এটি আমাদের হেয় করার উদ্দেশ্যে কেউ করেছে।’