উপজেলা সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা ইউনিয়ন আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সরকারি খাদ্য গুদামে সিন্ডিকেট করে ধান ও গম কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ জুলাই দলীয় সভায় এ সিদ্ধান্ত নেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম। সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ও হাবিবুল্লাহ মোল্লা, কার্যনির্বাহী পরিষদের ১ নম্বর সদস্য মো. মনিরুজ্জামান, লক্ষ্মীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সভার কার্যবিবরণী ও বক্তব্য নথিভুক্তি (রেজ্যুলেশন) বই থেকে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের ৪৬ জন সদস্য অংশ নেন। বক্তব্য পর্বের শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের এক নম্বর কার্যনির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এরপর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মোল্লার প্রস্তাব অনুযায়ী সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে ইউনিয়নটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বক্তব্যে মো. মনিরুজ্জাম অভিযোগ করেন, সরকারিভাবে ধান গম সংগ্রহ অভিযানে সাধারণ কৃষকদের সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান ও গম দেওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম নিজস্ব বাহিনী দিয়ে এই সংগ্রহ অভিযান নিয়ন্ত্রণ করেন। তিনি প্রভাব খাঁটিয়ে সাধারণ কৃষকদের বঞ্চিত করে নিজেই গুদামে ধান, গম সরবরাহ করেছেন। তাই লক্ষ্মীপুর ইউনিয়নের কোনো কৃষক গুদামে ধান-গম দিতে পারেননি। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উপজেলা সভাপতি দীর্ঘদিন ধরে পুরো উপজেলায় একনায়কত্ব তৈরি করেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ এবং নিজস্ব বাহিনী দিয়ে উপজেলা নিয়ন্ত্রণ করছেন। এতে উপজেলায় আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি (শহিদুল ইসলাম) এসব অনিয়মের বাইরেও রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বিভিন্ন অপকর্ম করছেন। তাই উপজেলার প্রতিটি ইউনিয়নেই তাঁর বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, শুধু লক্ষ্মীপুর নয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর নিজস্ব পেটুয়াবাহিনী দিয়ে প্রতিটি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে চাইছেন। বিভিন্ন অনিয়ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম বলেন, ‘কোথাও কোনো অনিয়ম করা হয়নি। প্রভাবও খাটানো হয়নি। ব্যক্তিগত আক্রোশ থেকে দলের কিছু লোক আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলীয়ভাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’