উপজেলায় সমঝোতা পৌরতে মতভেদ
প্রায় ১১ বছর পর গত শনিবার বেড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মতামতের ভিত্তিতে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। কিন্তু মতভেদ দেখা দেওয়ায় পৌর কমিটি গঠন হয়নি। ৪ ডিসেম্বর কাউন্সিলরদের ভোটে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে বলে জানা গেছে।
দলের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী জানান, সকাল সাড়ে ১০টায় বেড়া হাইস্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক উপস্থিত ছিলেন।
দলের কয়েকজন নেতা জানান, বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। মতামতের ভিত্তিতে উপজেলা কমিটির সভাপতি পদে বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের পুনর্নির্বাচিত হন। কিন্তু পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে তীব্র মতভেদ দেখা দেয়। ওই পদ দুটিতে নির্বাচিত হওয়ার ব্যাপারে সাত থেকে আটজন অনড় থাকেন। রাত ১০টার দিকে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়ে সম্মেলন শেষ করা হয়।