উপঢৌকন দিতে গিয়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার?
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রাজীবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় মো. মনিরুজ্জামান রাজীবকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগ পাওয়া গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে উপঢৌকন দেওয়ার চেষ্টা করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। অবশ্য অন্য একটি সূত্র জানায়, রাজীব কেন্দ্রের পছন্দের তালিকায় না থাকায় তাঁর উপঢৌকন দেওয়ার চেষ্টা ভালোভাবে নেওয়া হয়নি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি সূত্র জানায়, এক বছর মেয়াদি কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির পদপ্রত্যাশীরা বিভিন্নভাবে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে মনিরুজ্জামান নিষেধ সত্ত্বেও কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে উপঢৌকন দিতে একাধিকবার তাঁর বাসায় যান।
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, সাধারণ সম্পাদককে উপঢৌকন দিতে গেলে তাঁকে একবার নিষেধ করা হয়। পরবর্তীতে আবার গেলে তিনি (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক) ক্ষিপ্ত হয়ে বিষয়টি আমাদের জানান। পরে আমাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
জানতে চাইলে মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নেতৃবৃন্দ যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। আমি সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।’ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ সম্পর্কে আমি সঠিকভাবে বলতে পারছি না। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে কারও কোনো কথা হয়নি।’
যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভাঙাটাই মূল কারণ। শৃঙ্খলা তো অনেক ভাবে ভাঙতে পারে।’ উপঢৌকন দেওয়ার চেষ্টার অভিযোগটি সত্য কি না, জানতে চাইলে জাকির বলেন, এটি তাঁর জন্য ‘বিব্রতকর’, তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।