উপদেষ্টাদের সঙ্গে খালেদার বৈঠক
নিজের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দিবাগত রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের পর এটাই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
দেশের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়ে পরামর্শ করতে ওই বৈঠক ডাকা হয়। এর আগে চেয়ারপারসন গতকাল শনিবার ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এবং তার আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন।
রোববার রাতে বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা প্রথম আলোকে জানান, বৈঠকে মূলত নতুন নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, সংগঠন এবং আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অনেকেই পর্যায়ক্রমে আন্দোলনে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি কেউ কেউ দলকে শক্তিশালী করার পরামর্শ দেন। বৈঠকে খালেদা জিয়া বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিতর্কিত। তাদের অধীনে আবারও একতরফা নির্বাচন হবে। এই বার্তা খালেদা সবাইকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। পাশাপাশি তিনি আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বলেন।