প্রতি ঈদেই নেতাদের বাড়িতে ভিড় করেন কর্মীরা। এবারের ঈদুল আজহায়ও ব্যতিক্রম হয়নি। চট্টগ্রামে দুটি বড় দলের শীর্ষ নেতারা নিজেদের বাসভবনে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে উপলক্ষ ঈদ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আগামী সংসদ নির্বাচন।
এবারের ঈদে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাড়ি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের আন্দরকিল্লার বাড়ি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর মেহেদীবাগের বাসভবন এবং চট্টেশ্বরী রোডে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের বাড়িতে ঈদের দিন থেকে পরবর্তী দুদিন ছিল নেতা-কর্মীদের ভিড়।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী হজ পালনের উদ্দেশে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর চমশা হিলের বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী। মহিবুল সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।
ঈদের ছুটির দুদিন পাঁচ নেতার বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রত্যেকের বাড়িতে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। খাবারের তালিকায় ছিল মাংস, ভাত ও পরোটা। নেতা-কর্মীরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী আলাপে মেতে ওঠেন। এ সময় নেতারা আগামী নির্বাচনের জন্য কর্মীদের নানা নির্দেশনা দেন।
সাইফুজ্জামান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারায় ঈদের দিন দুটি গরু কোরবানি দেন। এ ছাড়া নগরের সার্সন রোডের বাড়িতে আলাদাভাবে আরও চারটি গরু জবাই করা হয়। ঈদের দিন সকালে তিনি গ্রামের বাড়ি আনোয়ারার হাইলধরে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাতে নগরের সার্সন রোডের বাসায় নিজ হাতে গরুর মাংস রান্না করে নেতাদের খাওয়ানোর ব্যবস্থা করেন। ঈদের পরদিনও তাঁর নগরের বাড়িতে নেতা-কর্মীদের ভিড় ছিল।
আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর শহরতলির কাট্টলীর বাড়িতে কোরবানি দেন। কোরবানি সেরে ঈদের রাতেই তিনি নগরের মেহেদীবাগের বাড়িতে চলে আসেন। দীর্ঘ বিদেশ ভ্রমণ শেষে তিনি ঈদের কয়েক দিন আগে দেশে ফেরেন। ঈদ উপলক্ষে চট্টগ্রামে ছিলেন ছয় দিন। এই ছয় দিনই তিনি নেতা-কর্মী পরিবেষ্টিত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে আমীর খসরু ঢাকায় ফিরে যান।
ঈদের পরদিন মেহেদীবাগের বাড়িতে দেখা গেছে, নগরের বিভিন্ন স্থান থেকে শত শত নেতা-কর্মী আমীর খসরুকে ঘিরে রেখেছিলেন। আরও অনেকে বাড়ির আঙিনায় তাঁর সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। রাজনীতি ও নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের আলাপ করতে দেখা গেছে।
আলাপচারিতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পরিবর্তন চায়। ভোটের মাধ্যমে সেই পরিবর্তন আনতে হবে।
আমীর খসরুর সঙ্গে দেখা করতে আসা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আন্দোলনের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি আছে বিএনপির। ঈদ উৎসবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের এই বার্তা দেওয়া হয়েছে।
এদিকে ঈদের আগের দিন পা পিছলে পড়ে কোমরে আঘাত পান আ জ ম নাছির উদ্দীন। এ কারণে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে তাঁকে পরামর্শ দেন চিকিৎসকেরা। ফলে আন্দরকিল্লার বাড়িতে হুইলচেয়ারে বসে কিংবা বিছানায় শুয়ে হাজারো নেতা-কর্মীর সঙ্গে সময় কাটান মেয়র। তাঁর বাড়িতে সবাইকে মাংস ও পরোটা দিয়ে আপ্যায়ন করা হয়।
মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের নগরের চট্টেশ্বরী সড়কের বাসভবন প্রাঙ্গণে ঈদের পর দিন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের বিভিন্ন থানা ওয়ার্ড, হাটহাজারী-বায়েজীদ সংসদীয় আসনসহ উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
মীর নাছির ছাড়াও তাঁর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলালউদ্দিন পুনর্মিলনী অনুষ্ঠানে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুনর্মিলনী অনুষ্ঠানও রাজনৈতিক সমাবেশে পরিণত হয়। সেখানে নেতা-কর্মীদের উদ্দেশে মীর নাছির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের অস্তিত্বের লড়াই। আওয়ামী লীগকে হটিয়ে বিএনপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
নগরের চশমা হিলের বাসভবনে মহিবুল হাসান চৌধুরীও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। আদালতের রায় নিয়ে বিএনপি পানি ঘোলা করতে পারে—এ বিষয়ে সতর্ক করেন তিনি। এ ছাড়া আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই নেতা-কর্মীদের মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন। মহিবুল চার দিন চট্টগ্রামে ছিলেন। প্রতিদিনই নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রাতে তিনি জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন।